আজকাল ওয়েবডেস্ক: সরষের ভিতর ভূত শোনা গেলেও, এবার শোনা যাচ্ছে গোবরের ভিতর টাকা। ঘটনায় তাজ্জব তদন্তকারী পুলিশ অফিসাররাও।
ঘটনাস্থল বালেশ্বর। হায়দরাবাদ এবং ওড়িশা পুলিশের অভিযানে সেখানকার একটি গ্রামে তদন্তে গিয়ে আলমারি, খাট কিংবা বিছানার নিচে, দেওয়ালে, তাকে, ব্যাগে নয়, গোবরের স্তূপ থেকে শনিবার উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা।
গোবরের ভিতর টাকা পাওয়ার মূল কেন্দ্রে গোপাল বেহারা। হায়দরাবাদের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। গোপালের বিরুদ্ধে কোম্পানির প্রায় ২০ লক্ষ টাকা চুরির অভিযোগ। অভিযোগ, চুরির পর সেই টাকা নিজের কাছে রাখেনি সে। শ্যালকের হাত দিয়ে টাকা গ্রামে পাঠিয়েছিল সে।
অভিযোগের পরেই পুলিশ পৌঁছয় নির্দিষ্ট ঠিকানায়। সেখানেই গোবরের ভিতর থেকে বড় অংকের টাকা উদ্ধার হয়েছে। যদিও গোপাল কিংবা তার শ্যালক, খোঁজ মেলেনি কারও। তবে বাড়ির অন্যদের আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
