আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ১৫ বছর ধরে চলা পুরনো ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অবশেষে নতুন ট্রান্সফরমার পেলেন মধ্যপ্রদেশের ভিন্দ জেলার গান্ধীনগর গ্রামের বাসিন্দারা। আর নতুন ট্রান্সফরমার গ্রামে আসা মাত্রই তাঁরা এক অবাক কাণ্ড করে বসলেন। সমস্ত গ্রামবাসীরা মিলে পুজো করলেন নতুন ট্রান্সফরমারটিকে। নতুন ট্রান্সফরমারের ‘দীর্ঘায়ু’ কামনা করে স্থানীয় বাসিন্দারা পুজো, আরতি ও মিষ্টি বিতরণের মাধ্যমে এক অভিনব উৎসবের আয়োজন করলেন গ্রামজুড়ে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ সঙ্কটে চরম ভোগান্তির মধ্যে ছিলেন গ্রামবাসীরা। পুরনো ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হয়েছিল তাঁদের। খবর পেয়ে স্থানীয় বিধায়ক নরেন্দ্র সিং কুশওয়াহাকে জানানো হলে, তিনি দ্রুত ব্যবস্থা নেন এবং মাত্র দু’ঘণ্টার মধ্যে নতুন ট্রান্সফরমার এসে যায়।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা বিদ্যুৎ দপ্তরের ওপর আর ভরসা করতে পারি না। ট্রান্সফরমার খারাপ হলে সাধারণত ১০ থেকে ১৫ দিন লেগে যায় নতুন ট্রান্সফরমার বসাতে। তার ওপর বারবার অফিসে ঘুরতে হয়। তাই এবার আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যাতে এই নতুন ট্রান্সফরমার বহুদিন চলে’। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্তাদের গাফিলতির ফলে বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই তারা এবার আর দেরি না করে নিজেরাই উদ্যোগ নিয়ে ট্রান্সফরমারটির মঙ্গল কামনায় পুজো ও আরতি করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই অভিনব আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকের বক্তব্য, স্থানীয় প্রশাসনের গাফিলতির ফলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। আবার অনেকের বক্তব্য, আস্থা এবং ভক্তি থেকেই এই পুজো করছেন গ্রামবাসীরা।
