আজকাল ওয়েবডেস্ক: হস্টেলে খাবার খেতে গিয়ে চক্ষু চড়কগাছ পড়ুয়াদের। খাবারের পাশে রাখা চাটনিতে সাঁতার কাটছে জ্যান্ত ইঁদুর। সেই দৃশ্যের ভিডিও তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পড়ুয়ারা।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সুলতানপুরের জহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঢুকেই এই দৃশ্য চোখে পড়ে কয়েকজন পড়ুয়ার। যে পাত্রে চাটনি ছিল, সেটি ঢেকে রাখা ছিল না। তাতেই বিপত্তি ঘটে। চাটনিতে জ্যান্ত ইঁদুরের সাঁতার কাটার ভিডিও তুলে কর্তৃপক্ষেও কাছেও অভিযোগ জানান পড়ুয়ারা। নিম্নমানের খাবার এবং এই ধরনের অবহেলার জেরে স্বাস্থ্যের অবনতির আশঙ্কা থেকে সরব হন অনেকে।
ইতিমধ্যেই ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও সেই পোস্টে হস্টেলের খাবারের দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন।
তবে এই ধরনের আরও কিছু ঘটনা সাম্প্রতিককালে ব্যাপক শোরগোল ফেলেছে। গত জুন মাসে মুম্বইয়ে আইসক্রিমের মধ্যে মানুষের আঙুলের টুকরো পেয়েছিলেন এক ব্যক্তি। আহমেদাবাদের এক রেস্তোরাঁয় সাম্বারে মরা ইঁদুর দেখতে পেয়েছিলেন এক যুগল।