আজকাল ওয়েবডেস্ক : কোচিতে চার পড়ুয়ার মৃত্যু এবং ৬০ জন পড়ুয়া আহত। কেরালার কোচি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় রীতিমতো স্তম্ভিত গায়িকা নিকিতা গান্ধী। কলকাতার এই গায়িকা ঘটনার জেরে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, কোচিতে যা হয়েছে তাতে হৃদয় ভেঙে গিয়েছে। আমার পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছনোর আগেই এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে গেল। দুঃখ বর্ণনা করার ভাষা নেই। মৃত পড়ুয়াদের পরিবারের জন্য প্রার্থনা করছি। বুর্জ খলিফা, কাফিরানা এবং টাইগার থ্রির মতো বেশ কয়েকটি ছবিতে বেশ কয়েকটি হিট গান উপহার দিয়েছেন নিকিতা। তাই এই অনুষ্ঠানকে ঘিরে উৎসাহের অভাব ছিল না। প্রশাসন সূত্রে খবর, অডিটোরিয়ামে প্রবেশ ও প্রস্থানের একটি দরজাই ছিল। সেখানে এক হাজার থেকে শুরু করে পনেরশো আসন ছিল। হঠাৎই সেখানে বৃষ্টি নামে। এরপরই শুরু হয় চরম বিশৃঙ্খলা। মৃত পড়ুয়াদের মধ্যে দুজন ছাত্রী ও দুজন ছাত্র রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর মিলেছে। ঘটনার জেরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।