আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়া জুড়ে চলতি সঙ্কটের মধ্যে জ্বালানি সাশ্রয়ে কেন্দ্রের উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট।
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জারি হওয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ভার্চুয়াল শুনানি, ওয়ার্ক ফ্রম হোম এবং বিচারপতিদের মধ্যে কার-পুলিংয়ের মতো ব্যবস্থা চালু করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল ভরত পরাশর জারি করা বিজ্ঞপ্তিতে জানান, কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ দপ্তরের অফিস মেমোব়্যান্ডামের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সোমবার, শুক্রবার এবং নির্দিষ্ট অন্যান্য ‘মিসলেনিয়াস ডে’-তে মামলার শুনানি শুধুমাত্র ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে। এছাড়াও আংশিক কর্মদিবস, গ্রীষ্মকালীন ছুটি বা অন্যান্য অবকাশকালীন সময়েও আদালতের কাজ ভার্চুয়াল মাধ্যমেই পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আদালতের রেজিস্ট্রিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সময়মতো ভিডিও কনফারেন্সিং লিঙ্ক পাঠানো হয় এবং প্রযুক্তিগত ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে। বিচারপ্রক্রিয়ায় যাতে কোনও বিঘ্ন না ঘটে সেই নির্দেশিকাও জারি করা হয়েছে।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিচারপতিদের সরকারি সফরে কার-পুলিং ব্যবস্থাও উৎসাহিত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির প্রতিটি শাখা বা বিভাগে সর্বাধিক ৫০ শতাংশ কর্মীকে সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দেওয়া হয়েছে।
তবে বাকি কর্মীরা অফিসে উপস্থিত থেকে আদালতের প্রশাসনিক কাজ সচল রাখবেন। প্রতিটি বিভাগের রেজিস্ট্রারদের সাপ্তাহিক রস্টার তৈরি, কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং সময়মতো কাজ শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোমে থাকা কর্মীদের অবিলম্বে অফিসে ডাকা যেতে পারে বলেও স্পষ্ট করা হয়েছে। কোনও বিভাগে এই ব্যবস্থা কার্যকর না হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রার প্রয়োজন অনুযায়ী নিয়ম পরিবর্তন করা যাবে।















