আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা চলছিল স্কুলে। তা সত্ত্বেও দেরিতে প্রবেশ পড়ুয়ার। বকাঝকা করে পড়ুয়াকে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করেছিলেন শিক্ষিকা। তার জেরেই শিক্ষিকাকে কষিয়ে চড় মারে দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে তার সহপাঠীদের সামনেই। যে ঘটনায় শহরজুড়ে তোলপাড়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহল জেলায়। জানা গেছে, পরীক্ষা চলাকালীন দেরিতে স্কুলে এসেছিল ওই দ্বাদশ শ্রেণির ছাত্র। দেরি করে স্কুলে আসা নিয়েই, কারণ জিজ্ঞেস করেছিলেন শিক্ষিকা। এর জেরে সহপাঠীদের সামনেই ওই শিক্ষিকাকে কষিয়ে চড় মারে ওই পড়ুয়া।
এখানেই থেমে ছিল না ঘটনাটি। পরীক্ষা শেষে আবারও স্কুল প্রাঙ্গণে সকলের সামনে শিক্ষিকাকে হুমকি দেয় সে। পরীক্ষার পর বাবা ও আরও কয়েকজন যুবককে নিয়ে স্কুলে প্রবেশ করে ওই পড়ুয়া। শিক্ষিকা একাই থাকতেন বাড়িতে। তাঁকে ক্ষতি করার হুমকি দেন ওই পড়ুয়া ও যুবকদের দল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারি। শিক্ষিকাকে দ্বাদশ শ্রেণির ছাত্রের চড় মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এরপরই ওই পড়ুয়াকে প্রকাশ্য দিবালোকে প্যারেড করায় পুলিশ। পুলিশ আধিকারিক অঙ্কুর চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে এস জে ডেভ হাইস্কুলে। ৩ ফেব্রুয়ারিতে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়। ১৮ বছরের পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শুক্রবার সে জামিন পেয়ে যায়।
ধৃত পড়ুয়ার নাম, মহম্মদ খান আনসারি। ঘটনার দিন দ্বাদশ শ্রেণির একটি পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় দেরিতে ঢুকেছিল সে। দেরি করে আসার কারণ জিজ্ঞেস করেছিলেন ওই শিক্ষিকা। তার উত্তরে পড়ুয়া বলে, 'আমাকে বাড়িতে কেউ কখনও প্রশ্ন করেন না, আপনার এত সাহস হল কী করে, আমাকে প্রশ্ন করার?'
এরপরই শিক্ষিকাকে চড় মেরে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েই পরীক্ষাকেন্দ্র থেকে পালিয়ে যায় পড়ুয়া। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিনই ছেলের কীর্তির জন্য ওই শিক্ষিকার কাছে ক্ষমা চেয়েছিলেন পড়ুয়ার বাবা।
দিন কয়েক পর ২৭ জানুয়ারি আবারও বাবা, ২০ জন যুবককে নিয়ে পড়ুয়া স্কুলে প্রবেশ করে। সকলের সামনেই শিক্ষিকার ক্ষতি করার হুমকিও দেয় সে। যেহেতু শিক্ষিকা ওই শহরে একা থাকেন, যেকোনও মুহূর্তে তাঁর ক্ষতি করবে বলেও হুমকি দেয়। যদিও অভিযুক্ত পড়ুয়া পুলিশকে জানিয়েছে, ওই শিক্ষিকার কাছে ক্ষমা চাইতেই পরেরদিন স্কুলে গিয়েছিল সে।
