আজকাল ওয়েবডেস্ক: স্পিকার পদে প্রার্থী দিল ইন্ডিয়া জোট। ১৯৪৬ সালের পর, প্রথমবার শীর্ষ সংসদীয় পদের জন্য নির্বাচন হবে। মোদি সরকারের তৃতীয় দফার প্রথম লোকসভা অধিবেশন বসেছে সোমবার। সাংসদরা সদস্য পদে শপথ নিচ্ছেন। জল্পনা ছিল লোকসভার স্পিকার কে হবেন তা নিয়ে। মঙ্গলবার জল্পনা তীব্র হয়, স্পিকার পদে ফিরছেন ওম বিড়লাই। বিরোধী ইন্ডিয়া জোট স্পিকার পদে কেন্দ্রের প্রার্থীকে সমর্থন করবে বলেই জানা গিয়েছিল প্রাথমিক ভাবে, পরিবর্তে তাদের দাবি ছিল ডেপুটি স্পিকার পদের। বিরোধীদের দাবি মানছে না কেন্দ্র, অভিযোগ তুলে মঙ্গলে বেলা বাড়তেই লোকসভার স্পিকার পদে প্রার্থী দিল ইন্ডিয়া জোট। আটবারের কংগ্রেস সাংসদ কে সুরেশ লোকসভার স্পিকার পদে জন্য মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে এনডিএর সিলমোহরের পর, এদিন স্পিকার পদে মনোয়ন জমা দিয়েছেন গত লোকসভার স্পিকার ওম বিড়লা।