আজকাল ওয়েবডেস্ক: নাসিক থেকে নিট-এর প্রশ্ন ফাঁস।  অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। অভিযুক্তের নাম শুভম খায়রনার। 

পুলিশ সূত্রে খবর, ভোপালের এই ডাক্তারি পড়ুয়ার কাছে পরীক্ষা শুরুর কয়েক দিন আগেই প্রশ্নপত্রের একটি হার্ড কপি পৌঁছেছিল। সেই কপিটি শুভম হরিয়ানার এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন বলে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর দাবি।

তদন্তকারীদের অনুমান, নাসিকের কোনও একটি ছাপাখানা থেকেই মূল প্রশ্নপত্রটি বাইরে বেরিয়েছিল। এরপর সেখান থেকেই তৈরি করা হয় একটি ‘গেস পেপার’। 

দেখা গিয়েছে, ওই হাতে লেখা প্রশ্নপত্রের ৪১০টি প্রশ্নের মধ্যে রসায়ন ও জীববিজ্ঞানের ১২০টি প্রশ্ন হুবহু মূল পরীক্ষার সঙ্গে মিলে গিয়েছে। এই প্রশ্নপত্রটি মোটা টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার ও হোস্টেল কর্মীদের কাছে বিক্রি করা হয়েছিল। জানা গিয়েছে, এই চক্রের জাল রাজস্থানের সিকার পর্যন্ত বিস্তৃত। সেখান থেকে এক কোচিং কাউন্সেলরকে আটক করা হয়েছে। 

অভিযোগ, ৫ লক্ষ টাকায় ওই প্রশ্নপত্র কিনে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তদন্তে উঠে এসেছে যে, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান ও উত্তরাখণ্ড-সহ মোট ছয়টি রাজ্যে অন্তত ৪৫ জনের একটি বড় চক্র এই প্রশ্ন ফাঁসের কারবারে যুক্ত।

সোমবারই এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। নাসিকের ধৃত ছাত্রকে জেরা করে এই আন্তর্জাতিক চক্রের মূল মাথাদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা।