আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই ভারত কানাডা সম্পর্ক টালমাটাল। সৌজন্যে খলিস্তানি জঙ্গিদের কার্যকলাপ। তার মধ্যেই সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির। এনআইএ সুপ্রিম কোর্টকে জানিয়েছে, কানাডাভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন খলিস্তানি লিবারেশন ফোর্স (কেএলএফ) এর কর্মীরা ২০২০ সালে পাঞ্জাবে শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত একজনকে হত্যা করে।
ঘটনাটি ঘটে ২০২০ সালের অক্টোবরে। বলবিন্দর সিং সিন্ধুকে ভিখিবিন্দে তাঁর বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। এই সিন্ধুকেই ১৯৯০ -এর দশকে রাজ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য শৌর্য চক্রে ভূষিত করা হয়েছিল।
সুপ্রিম কোর্টে মোট ১১১ পৃষ্ঠার একটি হলফনামা পেশ করে তদন্তকারী সংস্থা। সেখানেই তারা বলে, কানাডায় অবস্থিত খলিস্তান লিবারেশন ফোর্স এর সুখমিত পাল সিং ওরফে সানি টরন্টো এবং লখবীরকে এই হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। উভয়ের নামই চার্জশিটে উল্লেখ রয়েছে। খলিস্তান লিবারেশন ফোর্সের মূল উদ্দেশ্য হল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে খলিস্তান তৈরি করা। হত্যার ছকও কষা হয় কানাডায় বসেই।
তদন্তে উঠে আসে, হত্যা করার একটাই কারণ, ওই ব্যক্তি নির্মূল করেছিলেন খলিস্তানি সন্ত্রাসবাদকে। তাই তাঁকে হত্যা করেই পাঞ্জাবে সন্ত্রাসধর্মী কার্যকলাপ আরও বাড়াতে চেয়েছিল জঙ্গিরা।
প্রসঙ্গত, পাঞ্জাবের পর কানাডাতেই সবচেয়ে বেশি শিখ বসবাস করেন। ভারতের দাবি ছিল, ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দিয়ে কানাডা ক্রমশ মিনি পাকিস্তান হয়ে উঠছে। কানাডায় ট্রুডো সরকারের আশ্রয়ে থেকে ভারত বিরোধী কাজ করছে জঙ্গিরা এই তথ্যে আরও একবার সিলমোহর পড়ল এনআইএ -এর রিপোর্টে।
