আজকাল ওয়েবডেস্ক: মাকে প্রথমে খুন। তারপর টুকরো করে কেটে কিছুটা খাওয়া। এই নৃশংস ঘটনায় ছেলেকে মৃত্যুদন্ডের নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্ট এই মামলাকে বিরলতম আখ্যা দিয়েছে। ঘটনাটি ঘটে কোলহাপুরে ২০১৭ সালে ২৮ অগস্ট। মা আর ছেলে একইসঙ্গে থাকত। সেদিন নৃশংসভাবে হত্যা করে মাকে। তারপর শরীর থেকে মস্তিষ্ক, হার্ট, লিভার, কিডনি, অন্ত্র বের করে। সেগুলোকে নিয়ে প্যানে ভাজে খায় সেই যুবক। তদন্তে উঠে আসে মা মদ খাওয়ার জন্য টাকা দিতে না চাওয়ায় রাগে এই কান্ড ঘটায় সে।
পুলিশ জানিয়েছে, ওই নরখাদকের নাম সুনীল কুচকোরাভি। ৬৩ বছরের মা ইয়াল্লামা রামা কুচকোরাভির অর্ধদেহ উদ্ধার করে পুলিশ। ভয়াবহ ঘটনায় তাজ্জব হয়ে যায় পাড়া প্রতিবেশি। পুলিশ তাকে গ্রেফতার করে।
এতদিন ধরে মামলা চলছিল আদালতে। এদিন বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং পৃথ্বীরাজ চৌহানের এক ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করতে গিয়ে জানিয়েছে, এটি বিরল থেকে বিরলতম ঘটনা। ওই ব্যক্তির সংশোধনের কোনও সুযোগ নেই। তাই ওকে যদি কারাদন্ড দেওয়া হয় তাহলে সে অন্যদের সঙ্গেও একই কান্ড ঘটাতে পারে তাই এক্ষেত্রে মৃত্যুদন্ডই দেওয়া হল।
