নিজস্ব সংবাদদাতা: কিছুমাস আগে সমাজমাধ্যমে অভিনেতা-সাংসদ দেবের অনুরাগীরা অকথ্য ভাষায় আক্রমণ করেছিলেন প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। 'বহুরূপী'র নায়ক-পরিচালক চুপ থাকলেও তাঁর স্ত্রী এবং কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন সমাজমাধ্যমেই প্রতিবাদ জানিয়েছিলেন।

 

 

সংযতভাবে, যুক্তি সাজিয়ে। উল্টো প্রান্ত থেকে কুৎসা তো থামেইনি, বরং পাল্লা দিয়ে বেড়েছে শাসানি! ট্রোলাররা কেউ কেউ নিজেদের ‘দেবীয়ান’ বলেও পরিচয় দিয়েছিলেন। এরপর কৃত্রিম মেধার সাহায্য নিয়ে বিকৃত করা হয়েছিল জিনিয়ার ছবি। এবং সেই বিকৃত ছবি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘খাদান’ নায়কের ‘ভক্ত’দের তরফে! সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বড় পদক্ষেপ নিয়েছিলেন শিবপ্রসাদ-জিনিয়া। 

 


রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবনে যোগাযোগ করেছিলেন তারকা দম্পতি। সেখানে উচ্চপদস্থ পুলিশকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবপ্রসাদ-জিনিয়া।


এরপর শনিবার আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন জিনিয়া। সেখানে রেকর্ড করা হয় তাঁর বয়ান। আশ্বাস দেওয়া হয়, খতিয়ে দেখা হবে তাঁর অভিযোগ।