'কালরাত্রী'র দুটো সিজনই দর্শকের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষায় ছিলেন দর্শক। মূল আকর্ষণ রহস্য উন্মোচন আর অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সৌমিতৃষার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে সমালোচক মহলে। তারপর থেকেই অভিনেত্রীর অনুরাগী মহলে একটাই প্রশ্ন, কবে আবার নতুন কাজ নিয়ে ফিরবেন তিনি? 

 

টলিপাড়ার অন্দরের খবর, ওটিটির পর্দায় ফিরছেন সৌমিতৃষা। এবারও হইচই-তেই দর্শক দেখতে পাবেন তাঁকে। জানা যাচ্ছে, এবারের গল্পেও থাকবে রহস্যের গন্ধ। ক্রাইম-থ্রিলারেই ফিরছেন অভিনেত্রী। তবে এই বিষয়ে এখন 'স্পিকটি নট' তিনি। কিন্তু সমাজমাধ্যমে হালকা ইঙ্গিত দিয়েছেন সৌমিতৃষা। 

 

হইচই স্টুডিও থেকে নিজের বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন তিনি। যেখানে নীল রঙের সালোয়ার পরে দেখা যাচ্ছে তাঁকে। হালকা মেকআপে সৌমিতৃষাকে যেন আরও মিষ্টি দেখাচ্ছে। এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী জানান দেন, হইচই-এর সঙ্গে আরও একবার হাত মেলাতে পেরে তিনি আপ্লুত। সেখান থেকেই প্রধানত দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনদের। 

 

তবে খবর পাকা যে আবারও হইচই-তেই নতুন কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী। এর আগে 'কালরাত্রী'র পরিচালনায় ছিলেন অয়ন চক্রবর্তী। এবারের ক্রাইম-থ্রিলারে কার ফ্রেমে ধরা দেবেন তিনি, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। 

প্রসঙ্গত, ছোটপর্দার মাধ্যমেই দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন সৌমিতৃষা। জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন সৌমিতৃষা। যদিও অভিনয়ের কেরিয়ার অনেক আগেই শুরু করেছেন তিনি। তবে এখনও সৌমিতৃষা দর্শকের কাছে সেই 'মিঠাই'-ই। তবে এরপর বড়পর্দায় 'প্রধান' ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এরপরেই ওটিটিতে অভিষেক। এবার কোন গল্প নিয়ে ধরা দেন অভিনেত্রী, সেটাই দেখার।