আজকাল ওয়েব ডেস্ক: ফের আচমকা বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি বাংলা ধারাবাহিক। মাত্র তিন মাস পেরতে না পেরতেই বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার ‘এই প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকটি। খবর, গল্পে নতুন মোড় এলেও টিআরপি পড়তির কারণেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। সম্ভবত, চলতি মাসের ১০ তারিখ শেষ দিনের শুটিং হতে চলেছে এই ধারাবাহিকের।
‘ঋকবেদ’ ও ‘মধুবনী’র গল্প নিয়ে এই ধারাবাহিক শুরু হলেও কেন্দ্রে ছিল ছোট্ট ‘মিহি’। মা ও মেয়ের এক অন্য ধরনের গল্প বলা শুরু করেছিল ‘কে প্রথম কাছে এসেছি’। প্রথমত, একজন একা মায়ের জীবন সংগ্রাম এবং দ্বিতীয়ত, সারোগেসি- সব মিলিয়ে এই ধারাবাহিকের গল্প বাকিদের থেকে বেশ খানিকটা আলাদা ছিল। তবে তা হলেও টিআরপি তালিকার প্রথম দিকে সেইভাবে জায়গা করে নিতে পারেনি ‘কে প্রথম কাছে এসেছি’।
জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের পর ‘কে প্রথম কাছে এসেছি’তে ছোটপর্দায় ‘কামব্যাক’ করেন অভিনেত্রী মোহনা মাইতি। অন্যদিকে, কালার্স বাংলার ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনেতা সায়ন বোস জুটি বাঁধেন মোহনার সঙ্গে। কিছুদিন আগেই এই ধারাবাহিকে দেখা গেছে আরজি কর কাণ্ডের ছায়া, যেখানে একজন মেয়ের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলেছিলেন মধুবনী। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হল না।
প্রথম থেকেই টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। দর্শকেরা যেখানে ধারাবাহিকে অন্য ধরনের গল্প দেখতে চান, তাও কেন এই ধারাবাহিক মন জয় করল না দর্শকদের? সেই প্রশ্ন ওঠে বারবার। এছাড়াও টিআরপি তালিকায় ভাল জায়গা করতে না পারলে কি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে ধারাবাহিক? যদিও আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। তবুও মাত্র তিন মাস যেতে না যেতে ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়া চিন্তার উদ্রেক করে। চলতি মাসের ১০ তারিখ শেষ দিনের শুটিং হলেও কবে শেষ সম্প্রচার হবেই ধারাবাহিকের, তা অবশ্য জানা যায়নি। তবে কি এই ধারাবাহিকের সময়েই আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘আনন্দী’? সেটাই এখন দেখার।















