আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

ফের জুটি বাঁধছেন জ্যাকি এবং সঞ্জয়! কোন ছবিতে? 

'খলনায়ক' ছবির সিক্যুয়েল আসছে। আর সেই 'খলনায়ক রিটার্নস' ছবিতেই আবারও একসঙ্গে দেখা যেতে চলেছে জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্তকে। আর এই খবর খোদ জ্যাকি শ্রফ নিশ্চিত করেছেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল। সেখানে তাঁদের চোর, পুলিশের জুটি দারুণ নজর কেড়েছিল দর্শকদের। এবার আরও একবার এই জুটি ফিরতে চলেছে শুনে দর্শকদের উত্তেজনা আর বাঁধ মানছে না। এদিন এই ছবিতে দুজনের থাকার বিষয় নিশ্চিত করে জ্যাকি শ্রফ বলেন, 'আমি অপেক্ষা করে আছি ছবিটার জন্য। আমি ১০০ শতাংশ থাকব। কমিশনারকে থাকতে হবে তো নাকি? বন্ধুদের সঙ্গে কাজ করত পারলে ভাল লাগে। আর সঞ্জু বাবা তো আমার জান।' ইতিমধ্যেই 'খলনায়ক রিটার্নস' ছবিটি নিয়ে পরিচালক সুভাষ ঘাই এবং সঞ্জয় দত্তের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। 

জারি 'ডন ৩' বিতর্ক, এর মধ্যেই ফারহানের কাছে নতুন ছবির অফার নিয়ে গেলেন রণবীর! 

'ডন ৩' থেকে রণবীর সিং বেরিয়ে যাওয়ার পর বিতর্ক যেন থামছেই না। ইতিমধ্যেই মুম্বইয়ের ফেডারেশন রণবীরকে ব্যান করেছে। আর তার মধ্যেই ফারহান আখতারের কাছে নতুন ছবির অফার নিয়ে গেলেন রণবীর সিং! সূত্রের খবর এমনটাই। যদিও রণবীর ডন ৩ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর জোয়া আখতার বা ফারহান কেউই তাঁর সঙ্গে এই মুহূর্তে কাজ করতে আগ্রহী নন। ফলে রণবীরের প্রস্তাব দু'জনেই নাকচ করে দিয়েছেন। 

প্রয়াত অজিত কুমারের মা, শোকজ্ঞাপন কমল হাসান, বিজয়ের

তামিল অভিনেতা অজিত কুমারের পরিবারে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতার মা। মৃত্যুকালে মোহিনী মণির বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার, ৩০ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই তিনি বয়সজনিত রোগে ভুগছিলেন। অজিত কুমারের মায়ের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেছেন তামিল নাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়। এছাড়া কমল হাসান, এম কে স্ট্যালিন, প্রমুখও শোক প্রকাশ করেছেন। প্রসঙ্গত অজিত কুমারের বাবাও ৮৫ বছর বয়সে মারা গিয়েছেন। তার তিন বছরের মাথায় চলে গেলেন অভিনেতার মাও। যখন ঘটনাটি ঘটে তখন অভিনেতা দুবাইয়ে ছিলেন। জানা গিয়েছে তিনি শীঘ্রই তাঁর পরিবারকে নিয়ে দেশে ফিরছেন। তারপরই শেষকৃত্য হবে তাঁর মায়ের।