নেক্সাসের কথা উঠে আসছে, বহু শিল্পী কাজ না পাইয়ার অভিযোগ করছেন, নেক্সাস এবং ইন্দ্রনীল সেন নিয়ে এবার আজকাল ডট ইন-এ মুখ খুললেন শিল্পী সমীর আইচ৷ 

সমীর আইচ বলেন, “ শুধু নেতামন্ত্রী নয়, তৃণমূল সরকারের কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী, শান্ত্রী, কালীঘাট সবাই জড়িত তোলাবাজিতে।"

 ইন্দ্রনীল প্রসঙ্গে সমীর আইচ বলেন, “ইন্দ্রনীল সেন বহুদিনের পরিচিত। আমরা অনেকেই ওর গান ভালোবাসতাম৷ বহু বহু সংগীত শিল্পীরা যারা আমার দীর্ঘদিনের বন্ধু, দিনের পর দিন, বছরের পর বছর অভিযোগ করে গেছে যে কিভাবে ওরা বঞ্চিত।”

সমীর আইচ বলেন, “আকাশবাণীতে এ গ্রেডের আর্টিস্ট। আকাশবাণীতে বি হাই আর্টিস্ট, কতটা উচ্চমানের তারা, রবীন্দ্রভারতী থেকে পড়াশোনা করেছেন গান নিয়ে, এদেরকে বঞ্চিত করে রেখেছে। হয় ওই বৃত্তের শিল্পী হতে হবে নয়তো কাজ পাবে না।”

 যদিও সেই বৃত্তে ঢোকা সহজ ছিল না বলেও মন্তব্য করেন সমীর আইচ৷ ইন্দ্রনীল সেনের বিশেষ বলয়ে ঢুকতে চেষ্টা করে কুকুর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান সমীর আইচ৷ শিল্পী বলেন, “এমনও অভিযোগ শুনছি যে ওই বলয়ে ঢুকতে গেছে, তাকে বাড়ির কুকুর ছেড়ে দিয়েছে। দুঃখ পেয়েছি, বলবো টা কোথায়? কারণ ইন্দ্রনীলকে তখন বলার মতো অবস্থা ছিল না, ওর শোনার মত অবস্থা ছিল না।” 

সরকারি অনুষ্ঠান পেতে হলে টাকা দিতে হত শিল্পীদের এই অভিযোগের প্রেক্ষিতে সমীর আইচ বলেন, "আমার আর্টিস্ট বন্ধু বা ভাইদের বলতাম যে ভাই তোরা যাস কেন? কিছু লোক, শুধু একা ইন্দ্রনীল সেন নয়, আমি আর নামগুলো বলছি না, অ্যাপসের অনেক মাথা জড়িত৷ এই অ্যাপসটাকে প্রথম তুলে দেওয়া উচিত”

নতুন রাজ্য সরকারের কাছে অনুরোধ করে সমীর আইচ বলেন, “ আমি নতুন সরকারের কাছে অনুরোধ করব। এই নতুন সরকারের কাছে, যে অ্যাপস নামক এই ভয়ঙ্কর জিনিসটি, শিল্পীদের যারা শোষণ করেছে দিনের পর দিন, অ্যাপস তুলে দেওয়া হোক৷” 

অ্যাপস কোনও গরীব শিল্পীকে সাহায্য করতে পারেনি, কারণ চুরি আর দুর্নীতি এমনই বলেন সমীর আইচ৷ তিনি বলেন, “কেন অ্যাপস পারলো না? তার কারণ চুরি, অন্যায় এবং শয়তানি।”