জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক, 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। ১ জুন থেকে পথ চলা শুরু হচ্ছে এই ধারাবাহিকের। আর তার আগমনেই কপাল পুড়েছে 'চিরদিনই তুমি যে আমার' -এর। শেষ হচ্ছে জিতু কামাল এবং শিরিন পাল অভিনীত এই ধারাবাহিক। যেহেতু ১ জুন থেকেই 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' আসছে, তাই মনে করা হয়েছিল ৩১ মে, রবিবার শেষবার সম্প্রচারিত হবে 'চিরদিনই তুমি যে আমার'। কিন্তু না, তেমনটা ঘটছে না। শেষ হচ্ছে না সেদিন এই ধারাবাহিক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে একটি পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দাবি করা হয়েছে, ৩১ মে শেষ হচ্ছে না 'চিরদিনই তুমি যে আমার'। বরং ১ জুন শেষবারের মতো সম্প্রচারিত হবে এটি। হ্যাঁ, 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের আগমনের পরেও একদিন দেখা যাবে 'চিরদিনই তুমি যে আমার'। কিন্তু কখন? 

এতদিন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি সন্ধ্যা ৬ টা নাগাদ জি বাংলার পর্দায় রোজ দেখা যেত। সোমবার থেকে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকটি সন্ধ্যা ৭ টার স্লটে দেখা যাবে। ফলে এতদিন সেখানে যে ধারাবাহিক দেখা যেত 'কুসুম', সেটা চলে আসবে ৬ টায়। আর 'চিরদিনই তুমি যে আমার' শেষ হবে। এমনটাই জানা গিয়েছিল। তবে সোমবার, ১ জুন শেষবারের মতো পর্দায় ফুটে উঠবে আর্য, অপর্ণার গল্প। কিন্তু নির্ধারিত সময়ে নয়। বরং রাত ১১ টায়। 

কী দেখানো হবে এই ধারাবাহিকের শেষ দৃশ্যে? প্রশ্ন ঘুরছে দর্শক মহলে। একেই এভাবে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ অনুরাগীদের। তার উপরে শেষ পর্বে কী দেখানো হবে সেই নিয়েই আলোচনা চলছে সমাজমাধ্যমে। টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই রাজনন্দিনীর আসল খুনির পরিচয় সামনে এসেছে। কিঙ্করের মৃত্যুতে নতুন টুইস্ট এসেছে গল্পে। এদিকে, দেখা যাবে অপর্ণা অন্তঃসত্ত্বা। শেষ পর্বে আর্য ও অপর্ণার কোলে এক নতুন সদস্যকে দেখা যাবে। এভাবেই তাদের সংসার পরিপূর্ণ হয়ে উঠবে। খুব তাড়াতাড়িই সেই দৃশ্য পর্দায় দেখবেন দর্শক। 

কিন্তু কেন শেষ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? সূত্রের খবর শুরুর দিকে টিআরপি তালিকার উপর দিকে থাকত 'চিরদিনই তুমি যে আমার'। সেরা পাঁচে একাধিকবার জায়গা করে নিয়েছিল এই মেগা। কিন্তু বর্তমানে টিআরপিতে ক্রমাগত পতন এবং সেরা ১০ থেকে ছিটকে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।