স্মার্টফোনের যুগে বাড়ির বাচ্চারা কার্টুন না দেখলে মুখে খাবার তুলতে চায় না, এমন অভিযোগ ঘরে ঘরে শোনা যায়। কিন্তু কার্টুন বা সিরিয়াল না দেখলে খোদ মোষ দুধ দিতে অস্বীকার করছে— এমন অদ্ভুত ব্যাপার জীবনে শুনেছেন? কী ভাবছেন স্রেফ রসিকতা? কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক মহিষের কীর্তি দেখলে আপনি হাসতেও বাধ্য হবেন, আবার অবাকও হবেন। নিজের জেদ আর টেলিভিশনের প্রতি ভালোবাসার জেরে এই মুহূর্তে নেটপাড়ার মস্ত বড় ‘স্টার’ হয়ে উঠেছে এই পোষ্য মোষটি।
ইনস্টাগ্রামে ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গোয়ালঘরে দাঁড়িয়ে এক মহিলাকে জিজ্ঞেস করছেন, "মোষটা দুধ দিচ্ছে না কেন?" মহিলা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলেন, "এখন ও কিছুতেই দুধ দেবে না।" অবাক হয়ে ওই ব্যক্তি যখন কারণ জানতে চান, মহিলার উত্তর শুনে তাঁর চোখ কপালে ওঠার জোগাড়! মহিলা দাবি করেন, এই মোষের সামনে যতক্ষণ না টিভি চালানো হবে, ততক্ষণ সে এক ফোঁটা দুধও দেবে না।
প্রথমটায় ওই ব্যক্তি তো বটেই, দর্শকদের অনেকেই বিষয়টিকে স্রেফ ‘মজা’ ভেবেছিলেন। কিন্তু এর ঠিক পরের মুহূর্তেই মহিলা ঘরের ভেতরে থাকা টেলিভিশন সেটটি অন করে দেন। আর টিভি চালু হতেই ঘটে সেই অবিশ্বাস্য কাণ্ড!
ছোট বাচ্চারা যেমন টিভির পর্দায় কার্টুন চললে দুনিয়া ভুলে তাকিয়ে থাকে, ঠিক তেমনই টিভির স্ক্রিন অন হতেই মোষটির পুরো নজর চলে যায় সেদিকে। সে একেবারে মগ্ন হয়ে টিভি দেখতে শুরু করে। আর সেই সুযোগে মহিলাটি কোনও ঝামেলা ছাড়াই শান্তিতে বালতি ভরে মোষের দুধ দুইতে থাকেন। মোষটিও বিন্দুমাত্র নড়াচড়া না করে বাধ্য বাচ্চার মতো দাঁড়িয়ে স্ক্রিন দেখতে ব্যস্ত থাকে!
?utm_source=ig_web_button_share_sheet
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ '@ghantaa' থেকে শেয়ার হওয়া এই ভিডিওটি ইতিমধ্যেই লাখ লাখ মানুষ দেখে ফেলেছেন। কমেন্ট সেকশনে নেটিজেনরা মোষটির এই অদ্ভুত লাইফস্টাইল ও হ্যাবিট নিয়ে চূড়ান্ত মজা করছেন।
এক ইউজার লিখেছেন, "ভাই, এই মোষের তো আলাদাই! এর জন্য তো আলাদা করে টিভির রিচার্জ করাতে হবে।" অন্য এক নেট ব্যবহারকারী মজা করে লিখেছেন, "এ তো পুরো আমাদের বাড়ির জেদি বাচ্চাদের মতো কাণ্ড করছে, কার্টুন ছাড়া যার মুখে ভাত ওঠে না!" আর এক নেটিজেনের মন্তব্য, "জীবনে প্রথমবার কোনও মোষকে টিভির এত বড় ভক্ত হতে দেখলাম। সিরিয়ালের কী টান!"
তবে ভিডিওটির সত্যতা বা দাবিটি কতটা বৈজ্ঞানিকভাবে নির্ভুল, তা নিয়ে কোনও পাকাপাকি তথ্য মেলেনি। এটি স্রেফ বিনোদনের জন্য বানানো স্ক্রিপ্টেড ভিডিও না কি বাস্তবেই মোষটির এমন অভ্যাস, তা জানা যায়নি। তবে সত্যি হোক বা মিথ্যে— সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এই ‘টিভি-খোর’ মোষ যে বহু মানুষের সারাদিনের ক্লান্তি ধুয়ে হেসে ওঠার রসদ জুগিয়েছে, তা বলাই বাহুল্য!















