এবার রক্তাক্ত প্রেমের ছবিতে আদিত্য
বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ তথা চকোলেট বয় আদিত্য রায় কাপুর-এর ভক্তদের জন্য চলে এল বড় সুখবর। ‘আশিকি ২’ ছবির সেই তীব্র প্রেম, ভাঙন আর আবেগের চেনা ম্যাজিক এবার আরও বড় ক্যানভাসে ফিরতে চলেছে রূপোলী পর্দায়। ‘মারজাওয়া’ খ্যাত পরিচালক মিলাপ জাভেরি-র আগামী মেগা প্রজেক্টে প্রধান চরিত্রে সই করেছেন আদিত্য। টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের প্রযোজনায় এই ছবি চলতি বছরের শেষদিকেই ফ্লোরে যাবে এবং ছবিটির গ্র্যান্ড থিয়েট্রিক্যাল রিলিজ প্ল্যান করা হয়েছে ২০২৭ সালে। তবে নির্মাতাদের দাবি, এটি কোনও সাধারণ প্রেমের গল্প নয়, এটি হতে চলেছে এক "ভয়ঙ্কর রক্তাক্ত, হিংস্র এবং গভীর আবেগের মিউজিক্যাল লাভ স্টোরি।"
রাজেশের জন্য অক্ষয়-প্রার্থনা
হায়দরাবাদের শুটিং সেটে অভিনেতা রাজেশ শর্মার বিষাক্ত মাকড়সা বা পোকার কামড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ইতিমধ্যেই তোলপাড় ফেলেছে বিনোদন জগতে। ‘ফৌজি’ সিনেমার শুটিং প্যাক-আপের পর ঘটা এই মারাত্মক দুর্ঘটনার পর যখন গোটা টলিউড ও বলিউড উদ্বিগ্ন, ঠিক তখনই এই প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ও মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার।
বহু সুপারহিট ছবিতে রাজেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করা অক্ষয় বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডেলে দীর্ঘদিনের সহ-অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে এক আবেগঘন বার্তা ভাগ করে নিয়েছেন।অক্ষয় কুমার তাঁদের একটি পুরোনো ছবির সেটের হাসিমুখের ছবি পোস্ট করে লিখেছেন, "শুটিংয়ের সময় পোকার কামড়ে আমার প্রিয় বন্ধু রাজেশের এই আশঙ্কাজনক অবস্থার কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন। আশা করি মহাদেব ওঁর ওপর আশীর্বাদ রাখবেন এবং ও দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।"এরপর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বন্ধুকে সুস্থ হওয়ার তাগিদ দিয়ে আকুল সুরে অক্ষয় আরও লেখেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বন্ধু, এখনও তো একসঙ্গে বসে অনেক হাসাহাসি করা বাকি আছে। " দুই তারকার এই অফ-স্ক্রিন বন্ধুত্বের রসায়ন দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তেরাও।
'বড়দের ছবি' হয়ে প্রেক্ষাগৃহে পা 'জয়নায়কণ'-এর
তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী তথা দক্ষিণী সিনেমার মেগাস্টার সি জোসেফ বিজয় -এর অগণিত ভক্তদের জন্য চলে এল ২০২৬ সালের সবচেয়ে বড় এবং বহু প্রতীক্ষিত সুখবর। সেন্সর বোর্ডের সাথে দীর্ঘ সাত মাসের আইনি লড়াই এবং টানাপোড়েন কাটিয়ে অবশেষে মুক্তির ছাড়পত্র পেল থলপতি বিজয়ের কেরিয়ারের অন্তিম ছবি ‘জন নায়কন’।
বৃহস্পতিবার ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেন্সর বোর্ড-এর রিভাইজিং কমিটির তরফ থেকে ছবিটিকে শেষ পর্যন্ত ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ, ছবিতে থাকা তীব্র রাজনৈতিক হিংসা বা ওড়াকড়া সংলাপের কারণে ১৮ বছরের কম বয়সীরা এই ছবি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন না। তবে ছবিটির ওপর থেকে সব জট কেটে যাওয়ায় এখন আনন্দের হাওয়া দর্শকমহলে।
এইচ বিনোদ পরিচালিত এই পলিটিক্যাল থ্রিলারটি আদতে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পঙ্গলের (পুণ্যলগ্নে মুক্তি পাওয়ার কথা ছিল। সেই মতো ২০১৫ সালের ১৯ ডিসেম্বর ছবিটি সেন্সর বোর্ডের কাছে পাঠানো হয়। কিন্তু ছবিটির রাজনৈতিক বিষয়বস্তু ও কিছু সংবেদনশীল দৃশ্যের কারণে সিবিএফসি এটিকে আটকে দেয় এবং রিভাইজিং কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। যার ফলে গত সাত মাস ধরে থমকে ছিল ছবির মুক্তি।















