আমাদের প্রতিদিনের প্লেটে সাজানো চকচকে সবজি আর ফল কি আসলে একটা ‘স্লো পয়জন’? সেই রকম ‘বিষ’ যা ধীরে ধীরে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়? যে চাষ পদ্ধতির ওপর ভরসা করে কোটি কোটি মানুষ বেঁচে আছেন, তার পেছনেই কি লুকিয়ে রয়েছে এক মারাত্মক জনস্বাস্থ্য বিপর্যয়? এমনই এক অত্যন্ত সংবেদনশীল এবং সামাজিক বাস্তবতাকে এবার রূপোলী পর্দায় তুলে ধরতে আসছে নতুন কোর্টরুম ড্রামা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’। বৃহস্পতিবার এই ছবির নির্মাতারা এক নতুন ও অত্যন্ত আকর্ষণীয় পোস্টার প্রকাশ করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় আসতেই শোরগোল পড়ে গেছে।
জি স্টুডিওস এবং এমআইজি প্রোডাকশন অ্যান্ড স্টুডিওস-এর যৌথ নিবেদনে তৈরি এই ছবিটি আগামী ২৪ জুলাই, ২০২৬ বিশ্বজুড়ে হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় মুক্তি পেতে চলেছে। ফসলে অতিরিক্ত ও ক্ষতিকারক কীটনাশক ব্যবহার (Toxic Pesticide Farming) এবং সাধারণ মানুষের জীবনের ওপর তার মারণ থাবার গল্পই বলবে এই ছবি।
?utm_source=ig_web_button_share_sheet
সদ্য মুক্তি পাওয়া পোস্টারটিতে দেখা যাচ্ছে এক হাড়হিম করা দৃশ্য। একটি জমজমাট সবজি বাজারের ব্যাকগ্রাউন্ডে তৈরি এই পোস্টারে ছবির দুই মূল চরিত্র কাজল আগরওয়াল এবং শ্রেয়স তলপড়ে এক হিংস্র জনতার মুখোমুখি হয়েছেন। উত্তেজিত সবজি বিক্রেতারা তাঁদের দিকে আঙুল তুলছেন, এমনকি তাঁদের লক্ষ্য করে উড়ে আসছে রকমারি আনাজপাতিও!
উত্তেজিত জনতার মাঝে কাজল আর শ্রেয়সের মুখের তীব্র আতঙ্ক ও অসহায়তার অভিব্যক্তি এই ছবির গভীরতাকে ফুটিয়ে তুলেছে। পোস্টারের নিচে জ্বলজ্বল করছে একটি চাবুকের মতো ট্যাগলাইন— "স্লো পয়জন ইন প্রগ্রেস..."। যা ইঙ্গিত দিচ্ছে, এক অদৃশ্য মারণ বিষ কীভাবে নীরবে গ্রাস করছে কোটি কোটি সাধারণ মানুষকে।
ছবির পরিচালক চেতন ডিকে এই পোস্টার প্রসঙ্গে বলেন, "এই পোস্টারটি আসলে সত্যি কথা বলার মাশুলকে তুলে ধরে। যখন প্রতারণা এবং দুর্নীতির ওপর দাঁড়িয়ে থাকা কোনও সিস্টেমকে কেউ চ্যালেঞ্জ করে, তখন প্রথম প্রতিক্রিয়া হিসেবে ভয় আর ক্ষোভই ধেয়ে আসে। ‘দ্য ইন্ডিয়া স্টোরি’র প্রতিটা ফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা দর্শকদের বাধ্য করবে তাঁরা প্রতিদিন কী খাচ্ছেন আর কী বিশ্বাস করছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে।"
নতুন পোস্টার নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শ্রেয়স তলপড়েই। তিনি বলেন, "‘দ্য ইন্ডিয়া স্টোরি’র প্রতিটি নতুন পোস্টার আমাদের চারপাশের এক অস্বস্তিকর বাস্তবতার পর্দা উন্মোচন করছে। এই পোস্টারটি সেই ভয়, বিশৃঙ্খলা এবং অসহায়তাকে ধরে রেখেছে, যা সাধারণ মানুষ হঠাৎ কোনও সত্যের মুখোমুখি হলে অনুভব করে। এই ছবির গল্পটি আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল কারণ এটি স্রেফ বিনোদন নয়, এটি আমাদের বাধ্য করে সেই সিস্টেমকে প্রশ্ন করতে যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। কাজল আগরওয়াল এবং পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আশা করি এই পোস্টারটি দর্শকদের মনে অনেক প্রশ্ন তৈরি করবে।"
সাগর বি শিন্ডে -র লেখা ও প্রযোজিত এই সামাজিক থ্রিলারটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন নিশান্ত ভাগবত এবং সঙ্গীত পরিচালনা করেছেন মঙ্গেশ ধাকড়ে। আগামী ২৪ জুলাই বড় পর্দায় কোন ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছেন কাজল ও শ্রেয়স, এখন সেটাই দেখার অপেক্ষা!















