বিরাট চমক আসতে চলেছে স্টার জলসার ধারাবাহিক 'কম্পাস'-এ। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে দর্শক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দেখা যাচ্ছে, কম্পাস একটা ফর্মুলা তৈরি করেছে যা দ্বারা কোনও অসহায় দরিদ্র মানুষ ওষুধের অভাবে মারা যাবে না। সমাজের উদ্ধারকর্তা হিসেবে এই ফর্মুলা কাজ করবে। নতুন দিশা দেখবে চিকিৎসাবিজ্ঞান। কিন্তু এই ফর্মুলা তৈরির সঙ্গে সঙ্গে কম্পাসের চিন্তাও হতে থাকে, সে ভাবে যদি কোনও ভুল মানুষের হাতে তার এই আবিষ্কার এসে পড়ে, তাহলে সমাজের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে! 


কম্পাসের ভাবনা শেষ হওয়ার আগেই দেখা যায় ইতিমধ্যেই একজন তার এই ফর্মুলার খোঁজ পেয়ে গিয়েছে। আর সেটা হাতানোর জন্য প্রস্তুতিও শুরু করেছে। শুধু তাই নয়, কম্পাসকে ফোন করে সে, বলে ওই ফর্মুলা তার হাতে তুলে দিতেই হবে‌। কম্পাস রাজি না হলে ওই লোকটি বিহান, ঋতজা ও অখিলেশকে মেরে ফেলার হুমকিও দেয়। ভয় পেয়ে কম্পাস লোকটির পরিচয় জানতে চাইলে সে জানায়, সে-ই কম্পাসের আসল বাবা। 


তাহলে এতদিন যাকে বাবা বলে জেনে এসেছে কম্পাস সে কে? ছোটবেলা থেকেই কোন ধাঁধায় পড়ে আছে সে? প্রোমো দেখে এখন এসব প্রশ্ন ঘুরছে দর্শকের মনে। প্রসঙ্গত, এই নতুন ভিলেনের চরিত্রে দর্শক দেখবেন অভিনেতা সাগ্নিককে। আবারও এক নেতিবাচক চরিত্রে দর্শকের জনপ্রিয়তা কুড়োতে আসছেন তিনি। 

এদিকে, কিছুদিন আগে ধারাবাহিকে দেখানো হয় দাদুকে জেলে পাঠানোর জন্য কম্পাসের উপর চটে যায় মোনালিসা। আসলে রাসায়নিক গ্যাস বেরোতে থাকে মোনালিসার দাদুর কোম্পানি থেকে। যার ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে। বেআইনিভাবে সেই কোম্পানি চালায় সে।‌ তাই খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হয় কম্পাস।‌ মোনালিসার দাদুকে জেলে পাঠানো হয়। এদিকে, কম্পাস তাও মনে মনে বিপদের আঁচ পায়। 

 

মোনালিসা কম্পাসকে একটা এক্সপেরিমেন্টের কথা বলে। বিজ্ঞানের নতুন দিক আবিষ্কার করতে চায় মোনালিসা। আর তার জন্য কম্পাসকে তার গবেষণায় লাগবে বলে জানায়। কম্পাস শুরুতে রাজি না হলেও পরে সে জানায় এই গবেষণায় সে রাজি। এদিকে, মোনালিসা ভাবে দাদুকে যখন কম্পাস জেলে পাঠিয়েছে তখন সে তার উপর প্রতিশোধ নেবেই। এদিকে, মোনালিসার ভুল গবেষণার ফলে কম্পাসের শরীরে মারাত্মক ক্ষতি হয়। নাক থেকে রক্ত ঝরতে থাকে তার। কম্পাসের এই খবর পেয়ে বিহান ছুটে যায় তার কাছে। মোনালিসার হাত থেকে উদ্ধার করে কম্পাসকে। সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন ভিলেনের মুখোমুখি কম্পাস। কী হতে চলেছে গল্পের মোড়ে? অপেক্ষায় দর্শক।