টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

হারানো জিনিস খুঁজে পেলেন অনুপম

অনুপম খের সম্প্রতি এক নিরাপত্তারক্ষীর সততায় মুগ্ধ হয়েছেন। কয়েক দিন আগে মুম্বইয়ে সকালের হাঁটাহাঁটির সময় তিনি তাঁর ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেন। পরে জানা যায়, কাছাকাছি এলাকায় কর্মরত নিরাপত্তারক্ষী সঞ্জয় যাদব সেই কার্ডটি খুঁজে পান। প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে তিনি কোনওভাবে অনুপমের বাড়ির ঠিকানায় পৌঁছে কার্ডটি নিজে হাতে ফিরিয়ে দেন।

এই ঘটনায় গভীরভাবে আপ্লুত অনুপম সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে অভিনেতাকে নিরাপত্তারক্ষীর সততার প্রশংসা করতে দেখা যায়। ভিডিওয় অনুপম বলেন, “সঞ্জয় যাদবজি, আপনি সত্যিই একজন মহান মানুষ। সকালে মর্নিং ওয়াকে বেরনোর সময় আমার ক্রেডিট কার্ড পড়ে গিয়েছিল। আমি অনেক খুঁজেছি, খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ কার্ডটিতে কোনও পিন নম্বর ছিল না। পরে দত্তুজির কাছ থেকে ফোন পাই যে কার্ডটি কেউ খুঁজে পেয়েছেন। কী সুন্দর একটা কাজ! তিনি আমার ক্রেডিট কার্ড খুঁজে পেয়েছেন এবং নিজে এসে আমাকে তা ফিরিয়ে দিয়েছেন।”

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ্যে আসার পর বহু মানুষ সঞ্জয়ের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন।

পিছিয়ে যেতে পারে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তি

সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তির প্রস্তুতি চলছে। ছবির নির্মাতারা আগেই ১৭ এপ্রিল মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন এবং সেই অনুযায়ী প্রচারের কাজও শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত সময়ে ছবিটি মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ছবির শুটিং এখনও সম্পূর্ণ না হওয়ায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “ব্যাটল অব গালওয়ান-এর মুক্তির তারিখ ১৭ এপ্রিল ঠিক করা হয়েছে। কিন্তু ছবির শুটিং এখনও শেষ হয়নি এবং রি-শুট বেশি সময় নিচ্ছে। সোমবার, ৯ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে এক সপ্তাহের শুটিং শুরু হবে। এই শিডিউল শেষ হওয়ার পরও আরও কয়েক দিনের শুটিং বাকি থাকবে। ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে শুটিং শেষ হওয়ার কথা।”

সূত্রের খবর, পরিচালক অপূর্ব লাখিয়া এখনও রি-শুট করা অংশগুলির এডিটিং শুরু করেননি। সব মিলিয়ে ছবির পোস্ট-প্রোডাকশন প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ফলে নির্ধারিত তারিখে ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাওয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে।

নতুন বাড়ি কিনলেন ঈশান

ঈশান খট্টর মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স সংস্থা সিআরই মেট্রিক্স থেকে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, এই ফ্ল্যাটটির মূল্য ২৯.৩৭ কোটি টাকা।

ফ্ল্যাটটি মোট ২,৯৮৯.০৫ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। বিক্রেতা হিসাবে নথিতে নাম রয়েছে কপিল এম. মাহতানির। সম্প্রতি এই লেনদেনটি আনুষ্ঠানিকভাবে রেজিস্টার করা হয়েছে।

চুক্তিমূল্য অনুযায়ী, প্রতি বর্গফুটে ফ্ল্যাটটির দাম পড়েছে প্রায় ৯৮ হাজার ২০০ টাকা। রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন বাবদ ক্রেতাকে দিতে হয়েছে প্রায় ১.৭৬ কোটি টাকা।
পালি হিল মুম্বইয়ের অন্যতম আকর্ষণীয় ও অভিজাত আবাসিক এলাকা হিসাবে পরিচিত। বান্দ্রার বাণিজ্যিক কেন্দ্রগুলির নিকটবর্তী হওয়ার পাশাপাশি এই এলাকা দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র জগতের তারকাদের পছন্দের তালিকায় রয়েছে।