টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

সাতপাকে পুলকিত-কৃতি
বলিউডে বিয়ের লগনসা। গাঁটছড়া বন্ধনের তালিকায় নাম লেখালেন পুলকতি সম্রাট-কৃতি খারবান্দা। খবর, ৬ বছরের প্রেমপর্ব মিটিয়ে তাঁরাও সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। সব ঠিক থাকলে শুভদিন ১৩ মার্চ। মঙ্গলবার তাঁদের সামাজিক পাতায় একটি আমন্ত্রণ পত্র ছড়িয়ে পড়ে। সেখানে ছোট্ট সংসারের ছবি। সেই ছবিতে লেখা আর অপেক্ষা সম্ভব নয়— পুলকিত, কৃতি। এই কার্ড দেখেই বলিউডের ধারণা, আবার বিয়ের সানাই বাজতে চলেছে।

দক্ষিণে জাহ্নবী
জাতীয় স্তরে নিজেকে ছড়িয়ে দিতে মরিয়া জাহ্নবী কাপুর। তাই তো বলিউডের পাশাপাশি দাক্ষিণাত্যেও সমান তালে কাজ করছেন। এবিষয়ে মা শ্রীদেবীর পথেই হাঁটছেন তিনি। ‘দোভারা’র পরে তাঁর ঝুলিতে আরও একটি তেলুগু ছবি। শোনা যাচ্ছে, রাম চরণের বিপরীতে নাকি দেখা যাবে তাঁকে। পরিচালনায় বুচি বাবু সানা। ৬ মার্চ শ্রীদেবী-কন্যার জন্মদিন। তাঁর বিশেষ দিনকে আরও বিশেষ করতেই প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্স আনুষ্ঠানিক ঘোষণা করেছে।

স্পাই ইউনিভার্সে আলিয়া
অবশেষে গুঞ্জন সত্যি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যোগ দিচ্ছেন আলিয়া ভাট। প্রযোজনা সংস্থার সিইও অক্ষয় উইধানি এখবর বুধবার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন। তাঁর কথায়, আলিয়া ভাট তাঁদের প্রযোজনা সংস্থার ছবি সই করেছেন। সব ঠিক থাকলে বছরের শেষে শুট শুরু হবে।