কলকাতায় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’-এর শুট শেষ। বাকিটা মুম্বইয়ে। এখবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। টানা ১৫ দিন সল্টলেক প্রযুক্তি নগরীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়কে নিয়ে শেষ দিনের শুট করলেন রাখি গুলজার। এই ছবিতে পরিচালনার পাশাপাশি শিবপ্রসাদ নায়কও। শুট মিটতেই বিষণ্ণ পরিবেশ। প্রবীণ অভিনেত্রী চোখের জল ঢেকেছেন হাসি দিয়ে। এমন পরিবেশে হাজির সৃজিত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, একই জায়গায় তাঁর "টেক্কা"র শুট চলছে। খবর পেয়েই তিনি ঋতুপর্ণ ঘোষের "শুভ মহরৎ" ছবির "রাঙা পিসিমা"কে দেখতে চলে আসেন। তখন সদ্য শুট শেষ হয়েছে রাখির। আড্ডা তো ছিলই। রাখি, সেটের সবার সঙ্গে বসে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বিরিয়ানি দিয়ে এদিন দুপুরের খাওয়া সারেন।

এদিন কী কী কথা হল রাখি-সৃজিতের মধ্যে? জানা গিয়েছে, পরিচালক অভিনেত্রীর অন্ধ ভক্ত। তাই তাঁর অভিনীত ছবি নিয়ে নতুন করে আলোচনায় মাতেন তাঁরা। স্বাভাবিক ভাবেই ‘শুভ মহরৎ’-এ ‘রাঙা পিসিমা’র কথাও উঠেছে এসেছে। সৃজিতের খুব পছন্দের চরিত্র সেটি। রাখির পরের বাংলা ছবি কি সৃজিতের পরিচালনায়? খবর, এক্ষুণি তেমন কোনও সম্ভাবনা তৈরি হয়নি। তবে আগামীতে এমন কিছু ঘটতেই পারে। এদিন রাখি সেজেছিলেন ময়ূরকণ্ঠী স্লেটরঙা সিল্কের শাড়িতে। জমিনে সাদা কলকা। বিশেষ মুহূর্তকে আরও বিশেষ করতে সৃজিত তাঁদের আলাপচারিতা ক্যামেরাবন্দি করেছেন।



রাখি গুলজার কম কথার মানুষ। নিজের অনুভূতি নিজের মধ্যে রাখতেই পছন্দ করেন। এই প্রথম উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ। এবং একটানা অনেক দিন। কেমন লাগল তাঁর? না, এবারেও তিনি মুখে কাউকে কিচ্ছু বলেননি। কেবল ফ্লোর ছেড়ে বেরোনোর আগে ভেজা চোখে সবাইকে জড়িয়ে ধরেছেন। ঠোঁটের কোণে ম্লান হাসি। অনেক দিন পরে অনেকগুলো দিন তিনি নিজের শহরে। শুটিং ফ্লোরে। তিনি যে সবার সঙ্গে মিশে এক ‘পরিবার’ হয়ে গিয়েছিলেন।