নিজস্ব সংবাদদাতা: স্টার জলসায় বড় বদল, অভিনেত্রী অপরাজিতা আঢ্যর জায়গায় এবার দর্শকেরা দেখতে চলেছেন অভিনেত্রী সোনামনি সাহাকে। এই ঘটনায় বেশ হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায়, মন খারাপ অপরাজিতার অনুরাগীদের।
ধারাবাহিকে মুখ বদল নয়, ঘটে গেল সময় বদল।স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'শুভ বিবাহ'। 'এক্কাদোক্কা' ধারাবাহিকের পর আবারও এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন সোনামণি সাহা। দর্শকেরা এই ধারাবাহিক দেখতে পাবেন রাত ন'টায়, তবে এতদিন এই সময়ে স্টার জলসায় দর্শকেরা দেখতে পেতেন 'জল থইথই ভালবাসা' যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। তবে এই সময়ে আর দেখা যাবেনা অপরাজিতা আঢ্যকে। সময় বদলাচ্ছে নাকি শেষ হচ্ছে 'জল থইথই ভালবাসা', তা নিয়ে নানা প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। নেটিজেনদের কথায়, ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে বন্ধ হয়ে গেছে কোজাগরির ভাতের হোটেল, তাহলে কি এবার বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিকও? সেই ব্যাপারে এখনও নিশ্চিত করা হয়নি চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফ থেকে। বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল শেষ হচ্ছে এই ধারাবাহিক। যদিও সেই খবরকে ভুল বলেই জানিয়েছিলেন অপরাজিতা আঢ্য স্বয়ং। কেন সময় বদলানো হচ্ছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অপরাজিতার অনুরাগীরা। তবে সময় বদলানো মানেই শেষ হওয়া নয়, সময় বদলানোর পরেও একাধিক ধারাবাহিক চলেছে বহুদিন ধরে। তাই এই ক্ষেত্রেও তেমনটাই হবে কিনা সেটা জানার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
















