অবশেষে পূর্ণতা পেতে চলেছে আয়ুষ্মান ও কুসুমের ভালবাসা। সম্প্রতি মুক্তি পাওয়া জি বাংলার 'কুসুম'-এর নতুন প্রোমো দেখে দারুণ খুশি দর্শক মহল। প্রোমোতে দেখা যাচ্ছে, আয়ুষ্মান কুসুমকে সঙ্গে করে একটা জায়গায় নিয়ে এসেছে। অচেনা জায়গা হলেও খুব সুন্দর করে সাজানো দেখে কুসুম জানতে চায় এটা কোথায় এসেছে সে? জবাবে আয়ুষ বলে, একা এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র তারা দু'জন আছে। 

কুসুম দেখে তার চারপাশ ফুল দিয়ে সাজানো। আয়ুষ লাল গোলাপ দিয়ে প্রোপোজ করে তাকে। আকাশে সঙ্গে সঙ্গে আতশবাজিতে লেখা ফুটে ওঠে 'আই লাভ ইউ কুসুম'। আয়ুষ্মানের প্রেম নিবেদনে লজ্জায় লাল হয়ে যায় সে। কিন্তু তাদের ভালবাসার ভবিষ্যৎ কী? ইন্দ্রাণী কি বাড়ির বড়বউ হিসেবে মেনে নেবে কুসুমকে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? 

এদিকে, প্রোমো দেখে অনেক নেটিজেন কটাক্ষও করেছেন। তাঁরা জি বাংলার আরও এক ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ আর্য-অপুর প্রেম নিবেদনের মুহূর্তের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। যদিও আর্য-অপু গঙ্গা বক্ষে একে অপরকে ভালবাসার কথা বলেছিল। আর কুসুম-আয়ুষের প্রেম এক মনোরম পরিবেশে পূর্ণতা পেয়েছে। অনেক নেটিজেন আবার কুসুম-আয়ুষের এই রোমান্টিক মুহূর্ত দেখে উচ্ছ্বসিত হয়েছেন। 

কুসুম অনেক আগে থেকেই আয়ুষ্মানকে মন দিয়েছিল। কিন্তু আয়ুষ্মানের কুসুমকে চিনতে একটু দেরি হয়ে গিয়েছিল। কুসুমকে ভালবাসার কথা সে মুখ ফুটে আগে বলতে পারেনি। এদিকে, কুসুমকে ক'দিন ধরে সে বোঝানোর চেষ্টা করছিল যে সে-ই তাকে ভালবাসে। অনেক ভুল বোঝাবুঝি পেরিয়ে অবশেষে একে অপরকে মনের কথা বলল তারা। এবার দু'জনের ভালবাসা বিয়ের পিঁড়িতে পৌঁছনোর আগে কী কী বাধা আসে, আর সেসব কীভাবে জুটিতে মোকাবিলা করে তারা, সেটাই দেখার।