টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

না ফেরার দেশে ভরত কাপুর 

বিনোদন জগতে ফের শোকের ছায়া। না ফেরার দেশে পর্দা ও মঞ্চের দাপুটে অভিনেতা ভরত কাপুর। সোমবার বিকেলে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল ছিল না। তিন দিন আগে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা আর হয়নি। সেদিন সন্ধ্যায় হাসপাতালের নিকটবর্তী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রেমে সিলমোহর রণবীরের 

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, 'বিয়ারবাইসেপস' খ্যাত রণবীর এলাহাবাদিয়া এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার অবসান ঘটালেন। অনেকদিন ধরেই তাঁর প্রেমের গুঞ্জন চলছিল। এবার কেনিয়ার মনোরম প্রেক্ষাপটে নিজের মনের মানুষের সঙ্গে ছবি ভাগ করে কার্যত সিলমোহর দিলেন দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনে। রণবীরের নতুন এই পথচলার সঙ্গী হলেন জুহি ভাট। সম্প্রতি কেনিয়ার মাসাই মারায় ছুটি কাটাতে গিয়েছিলেন রণবীর। সেখান থেকেই জুহির সঙ্গে একাধিক ঘনিষ্ঠ এবং রোমান্টিক ছবি পোস্ট করেন তিনি। যা নিয়ে এখন চর্চা চলছে নেটপাড়ায়। 

আসছে 'থ্রি ইডিয়টস ২'

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিলমোহর পড়ল 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলের খবরে। রাজকুমার হিরানির পরিচালনায় রাজু, ফারহান এবং র‍্যাঞ্চোর সেই কালজয়ী রসায়ন আবারও বড়পর্দায় ফিরছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান নিজেই নিশ্চিত করেছেন যে, ছবির চিত্রনাট্য নিয়ে কাজ ইতিমধেই শুরু হয়ে গেছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া '৩ ইডিয়টস' ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক তৈরি করেছিল। ইঞ্জিনিয়ারিং কলেজের চাপ, বন্ধুত্ব আর স্বপ্ন দেখার সেই গল্প আজও মানুষের মনে অমলিন। ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে এই ছবির। কবে আবার তিন মূর্তিকে দেখা যায় বড়পর্দায়, এখন সেটাই দেখার।