মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দ্বিতীয়বার মা হওয়ার খবর দেওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন দীপিকা। বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। সেই ছবি, ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজর গেল দীপিকার হালকা স্ফীতোদরের দিকে। দীপিকার পরনে ছিল বড় মাপের বা 'ওভারসাইজড' গাঢ় নীল রঙের একটি কো-অর্ড সেট। কন্ট্রাস্ট স্টিচিং দেওয়া ঢিলেঢালা শার্টের সঙ্গে তিনি পরেছিলেন একই রঙের ট্রাউজার্স। নীল পোশাকের একঘেয়েমি কাটাতে পায়ে গলিয়েছিলেন উজ্জ্বল হলুদ স্নিকার্স এবং হাতে ছিল একটি ক্ল্যাসিক কালো হ্যান্ডব্যাগ। ঢিলেঢালা পোশাকে যদিও একেবারেই স্পষ্ট নয় দীপিকার স্ফীতোদর। তবুও নেটিজেনদের চোখ আটকে সেদিকেই।

ঠিক তাঁর পেছনেই ক্যাজুয়াল লুকে দেখা গেল রণবীর সিংকে। তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট এবং ঢিলেঢালা কার্গো ডেনিম। সঙ্গে ছিল একটি কালো ক্রস-বডি ব্যাগ ও চোখে সানগ্লাস। পাপারাৎজিদের সামনে খুব একটা পোজ দেননি এই তারকা দম্পতি। বরং পুরোটা সময় দীপিকার প্রতি রণবীরের যত্নশীল আচরণই ছিল নজরে পড়ার মতো। গাড়ি থেকে নামার সময় দীপিকাকে হাত বাড়িয়ে সাহায্য করেন রণবীর‌ আগাগোড়া তাঁর কাঁধে হাত রেখে তাঁকে আগলে বিমানবন্দরের ভিতরে ঢোকেন পর্দার 'ধুরন্ধর'।

বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে যে, বর্তমানে দীপিকা শুটিং করবেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবির জন্য শাহরুখ খানের সঙ্গে একটি গানের শুটিং করবেন। এছাড়া ছবির ক্লাইম্যাক্সের কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যেও তাঁকে দেখা যাবে বলে খবর। এই শিডিউলে দীপিকার সঙ্গে অভিষেক বচ্চন এবং সুহানা খানও অংশ নেবেন বলে জানা গিয়েছে।

এরপর তিনি মুম্বইয়ের একটি স্টুডিওতে নামী পরিচালক অ্যাটলির 'রাকা' ছবির শুটিং শুরু করবেন। সেখানে তাঁর বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। বর্তমানে 'রাকা'র জন্য তিনি প্রায় ৫০-৬০ দিন শুটিং করবেন বলে শোনা যাচ্ছে।

সম্প্রতি খবর রটেছিল যে, গর্ভাবস্থার কারণে ছবিতে তাঁর চরিত্রটি ছোট করে দেওয়া হতে পারে। তবে নির্মাতারা সরাসরি সেই খবর নাকচ করে জানিয়েছেন, দীপিকার চরিত্রটি ঠিক যেভাবে ভাবা হয়েছিল, সেভাবেই শুটিং হবে। আগামী মাসগুলোতে তিনি কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও করবেন।

দীপিকা এক সময় সন্তান ও পরিবারকে সময় দেওয়ার জন্য কাজের সময়সীমা বেঁধে দেওয়ার দাবি তুলেছিলেন। আট ঘণ্টার কাজের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু এই ব্যস্ততার মধ্যে কী নিজের আট ঘণ্টা কাজের দাবিতেই অনড় থাকবেন দীপিকা? যদিও সেই জবাব এখনও পর্যন্ত মেলেনি।