নিজস্ব সংবাদদাতা: অবশেষে কাটল জট। ফের 'লাইট-ক্যামেরা-অ্যাকশন' শোনা যাবে টলিপাড়ার স্টুডিও চত্বরে। ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দে যে আজকেই দাঁড়ি পড়বে তার ইঙ্গিত এদিন দুপুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষেই সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দিয়েছিলেন দেব। তারকা-সাংসদের পোস্ট করা সেই ছবিটা দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকে দেবের পাশাপাশি হাজির রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রীসভার সদস্য অরূপ বিশ্বাস।
এবারে জানা গেল, আগামীকাল অর্থাৎ বুধবার, ৩১ জুলাই থেকেই শুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়।
এসভিএফ -এর পুজোর ছবির পরিচালক হিসাবে বহাল থাকছেন রাহুল মুখোপাধ্যায়। তবে তাঁর ছবির শুটিং চলতি সপ্তাহের মধ্যেই শুরু হবে।
ফেডারেশনের তথাকথিত যেসব 'নিয়ম' নিয়ে সোচ্চার হয়েছিলেন টলিপাড়ার পরিচালক এবং প্রযোজকেরা সেসব নিয়ম-কানুনও পাল্টে যাবে বলেই খবর।
ফেডারেশনের সমস্ত রকমের নিয়ম কানুন নিয়ে একটি রিভিউ কমিটি তৈরি হচ্ছে। রাজের মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের নতুন সব নিয়ম পেশ করতে হবে সেই রিভিউ কমিটির সামনে।
