ছোট্ট ভুল করে ফেলেছেন রুদ্রনীল এবং পরমব্রত দু'জনেই, আর তারই মাশুল গুনছেন। তারপর...? ভাবছেন কী ঘটল? আসলে সবটাই পর্দায় ঘটতে চলেছে, আর তারই ঝলক প্রকাশ্যে এল এদিন। কথা হচ্ছে 'আবার হাওয়া বদল' ছবির। ৩০ মে, শনিবার মুক্তি পেল ছবির ট্রেলার। কী দেখা গেল তাতে?
বছর ১৩ আগে প্রস্রাব দিয়ে কাটাকুটি খেলে সত্তা বদলে ফেলেছিল এই দুই বন্ধু। এত বছর পর আবার একই গ্যাঁড়াকলে পড়তে চলেছে তারা। জিৎ বিদেশে সেটেল্ড। ছেলেও বড় হয়ে গিয়েছে তার। আর এদিকে তার বন্ধু রাজ এখন দারুণ জনপ্রিয় গায়ক। দু'জনের আবার দেখা হয় বিদেশের মাটিতে। আবার প্রস্রাব দিয়ে কাটাকুটি খেলে সত্তা বদলের ভূত চাপে মাথায়। তারপর...? তারপর আর কী, জিৎ হয়ে গেল রাজ, রাজ হয়ে গেল জিৎ। এতে মজা, থ্রিল যেমন আছে, তেমনই আছে বিস্তর সমস্যা। হিংসে, হতাশা। মজার ছলে দু'জনে যা করেছিল, সেই ছোট্ট ভুলের মাশুল গুনতে হয় তাদের।
তানু জিৎরূপী রাজের কাছাকাছি গেলে তার অস্বস্তি হয়, ওদিকে রাজের প্রেমিকা তার অর্থাৎ জিতের কাছে এলে সে দূরে যেতে যায়। নিজের বাড়িতেই নিজে চোরের মতো ঢোকে জিৎ, ওরফে রাজ। সবটা মিলিয়েই সব ঘেঁটে ঘ! আর দু'জনের ভাষা, শরীরী ভাষার কথা তো ছেড়েই দিলাম! এমন অবস্থায় দু'জনে আবার আগের জায়গায় ফিরবে কী করে, আদৌ পারে কিনা সেটাই দেখার।
তবে ঝলক দেখে এটুকু স্পষ্ট, হাওয়া বদল ছবির মতো, আবার হাওয়া বদল ছবিটিও ভরপুর মজার হতে চলেছে। ট্রেলারেই মজার সমস্ত ডায়লগ এবং সিন দেখে সেটা সহজেই অনুমেয়।
এই ছবিতে আবারও জিৎ ওরফে সত্রজিতের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। রাজ ওরফে রাজর্ষির ভূমিকায় থাকবেন রুদ্রনীল ঘোষ। পরমব্রতর স্ত্রী তনুর ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে। এখানে রুদ্রনীলের নতুন প্রেমিকা হিসেবে গল্পে এন্ট্রি নিয়েছেন অনুষা বিশ্বনাথন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিটি আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে বড় পর্দায়। প্রযোজনা এসকে মুভিজের।















