তেরো বছর আগের এমনই এক ৩০ মে, না ফেরার দেশে পাড়ি দেন ঋতুপর্ণ ঘোষ। এতগুলো বছর পেরিয়ে গিয়েও বাঙালির মননে সদা জাগ্রত সেলুলয়েডের মরমি পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা এবং একজন অসাধারণ গল্পকার। তাঁর আকস্মিক মৃত্যুর অভিঘাত রয়ে গিয়েছে আজও। শনিবার সকালে তাঁকে স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 


বাংলা সিনেমার ইতিহাসে ঋতুপর্ণ ঘোষ এমন একটি নাম, যাঁকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দর্শকমহল। এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঋতুপর্ণা লিখেছেন, “বহু বছর কেটে গিয়েছে, কিন্তু তাঁর উপস্থিতি এখনও আমাদের অনুপ্রাণিত করে। তাঁর কথাগুলো এখনও আমাদের মনে অনুরণিত হয়। তাঁর শিল্প ও সৃষ্টি আজও আমাদের সংস্কৃতির জগতকে আলোকিত করে।”


পোস্টের শেষের কয়েকটি লাইন বিশেষভাবে নজর কেড়েছে। অভিনেত্রী লিখেছেন, “তোমাকে খুব মিস করি। তোমার গল্পগুলো আজও বেঁচে আছে, আর আমাদের উপহার দেওয়া অসংখ্য স্মৃতিও তেমনই জীবন্ত রয়েছে।” আবেগঘন লেখার পাশাপাশি নিজের বিয়েতে পরিচালকের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন ঋতুপর্ণা। 


সিনেপ্রেমীদের মতে, ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয়জীবনের অন্যতম সেরা কাজগুলো এসেছে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায়। ‘দহন’, ‘উৎসব’-এর মতো কালজয়ী ছবিতে ঋতুপর্ণার অভিনয়কে নতুন মাত্রা দিয়েছিলেন পরিচালক। তাঁদের জুটি বাংলা সিনেমায় বিশেষ জায়গা করে নিয়েছিল। 


ঋতুপর্ণার এই পোস্ট প্রকাশ্যে আসার পর অসংখ্য অনুরাগী মন্তব্য করে তাঁদের প্রিয় পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নেটপাড়ার সদস্যরা লিখেছেন, ঋতুপর্ণ ঘোষ শুধু একজন পরিচালক নন, তিনি ছিলেন এক যুগের প্রতিনিধি। তাঁর ছবিগুলো মানুষের সম্পর্ক, আবেগ, ভালবাসা এবং জীবনের নানা জটিল দিককে খুব সহজভাবে তুলে ধরেছে।


২০১৩ সালের ৩০ মে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন ঋতুপর্ণ ঘোষ। তাঁর আকস্মিক মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের জন্য বড় ধাক্কা ছিল। তাঁর চলে যাওয়া আজও মেনে নিতে পারেননি টলিউডের কলাকুশলীরা। ভুলতে পারেননি সাধারণ মানুষও। সময়ের সঙ্গে মানুষ চলে যান, কিন্তু তাঁদের কাজ থেকে যায়। ঋতুপর্ণ ঘোষও তেমনই একজন শিল্পী, যিনি তাঁর সিনেমা ও গল্পের মাধ্যমে আজও বেঁচে আছেন কোটি কোটি মানুষের মনে।