সংবাদসংস্থা মুম্বই: রণবীর কাপুরের সঙ্গে বিয়ে, তারপরেই আলিয়ার কোলে এল ছোট্ট রাহা। একরত্তিকে নিয়ে এখন রোজ নতুন অভিজ্ঞতা হচ্ছে রণবীর-আলিয়ার। যদিও মেয়েকে অনেকদিন পর্যন্ত পাপারাজ্জিদের ক্যামেরার সামনে আনেননি।
এরপর বড়দিনেই একরত্তিকে সামনে আনেন এই তারকা জুটি। কিন্তু রাহাকে প্রথম পাপারাজ্জিদের সামনে আনার আগে দুশ্চিন্তায় ভুগেছিলেন আলিয়া। সেই কথা নিজেই বলিউডের এক টক শোয়ে এসে বলেন আলিয়া।
এদিকে শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়ার ছবি জিগরা। ইতিমধ্যেই এই ছবিতে আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। এই ছবির প্রচারে এসেই দ্বিতীয় সন্তানের ইচ্ছেপ্রকাশ করলেন আলিয়া। আলিয়ার কথায়, ''আশা করি এখনও বহু ছবিতে কাজ করা বাকি। তবে শুধু অভিনেত্রী হিসাবে নয়, প্রযোজকের ভূমিকাতেও থাকতে চাই। বিশ্বের নানা জায়গায় ভ্রমণের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই। সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে চাই শুধু।''
