ভারতের অ্যাওয়ার্ড শোতে অস্কারের মতো ‘রোস্ট’-ভিত্তিক মজাদার সঞ্চালনা করা কি আদৌ সম্ভব কোনওদিন? এই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন জনপ্রিয় অভিনেতা-কমেডিয়ান বীর দাস। দেশে-বিদেশে একাধিক বড় মঞ্চে সঞ্চালনার অভিজ্ঞতা থাকা এই শিল্পী মনে করেন, ভারতীয় তারকাসংস্কৃতির বাস্তবতায় এই ফর্ম্যাট কার্যত অসম্ভব।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বীর দাস লিখেছেন, কেন ভারতে রিকি গার্ভাইস বা কোনান ও ব্রায়ান-এর মতো ধারালো রোস্ট-স্টাইল সঞ্চালনা দেখা যায় না। তাঁর কথায়, অস্কার বা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড শোগুলিতে কমেডিয়ানদের কাজ হল এক রাতের জন্য ‘তারকা’দের মানবিক করে তোলা। সাধারণ করে তোলা। সেই মঞ্চে তাঁরা ইতিমধ্যেই সম্মানিত, তাই তাঁদের নিয়ে করা ঠাট্টাও গ্রহণযোগ্য হয়, এবং সেটাই হয়ে ওঠে ‘পাঞ্চ-আপ’।
কিন্তু ভারতীয় প্রেক্ষাপট একেবারেই আলাদা। বীর দাসের পর্যবেক্ষণ, এখানে তারকাদের মধ্যে এমন এক ইগো কাজ করে, যেখানে নিজের সমপর্যায়ের কেউ না হলে মজাটা সহজে গ্রহণ করা হয় না। বরং, যত বড় তারকা সঞ্চালনা করেন, পরিস্থিতি ততই জটিল হয়ে ওঠে। কারণ, সেই স্তরে দাঁড়িয়ে থাকা মানুষের সংখ্যা হাতে গোনা। ফলে মঞ্চে উপস্থিতদের কাছে তা কার্যকর হলেও, দর্শকের কাছে অনেক সময় তা মজার হয়ে ওঠে না। এর পিছনে তিনি দেখছেন স্পষ্ট ‘পাওয়ার ইমব্যালান্স’।
Again. Here’s why. pic.twitter.com/yY55LFZN0G
— Vir Das (@thevirdas)Tweet by @thevirdas
অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে ছবিটা আলাদা। এ বছরের অস্কারেও টানা দ্বিতীয়বার সঞ্চালনার দায়িত্বে ছিলেন কোনান ও ব্রায়ান। অনুষ্ঠানের মঞ্চে তিনি সাম্প্রতিক সামাজিক-রাজনৈতিক প্রসঙ্গ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্ত—বিভিন্ন ইস্যুকে ছুঁয়ে গিয়েছেন তাঁর বক্তব্যে। এমনকি অভিনেতা টিমোথি শ্যালামে -কে নিয়েও হালকা খোঁচা দিতে ছাড়েননি। অপেরা ও ব্যালে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ককে টেনে এনে কৌতুক করেন, আর সেটি হাসিমুখেই গ্রহণ করেন শ্যালামে, যা সেই মঞ্চের স্বচ্ছন্দ পরিবেশকেই তুলে ধরে।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বির দাস। সম্প্রতি তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস যা তাঁর ডিরেক্টোরিয়াল ডেবিউ। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন মনে সিং। বিশেষ উপস্থিতিতে দেখা গিয়েছে আমির খান এবং ইমরান খান-কে। দীর্ঘদিনের সহকর্মী কবি শাস্ত্রী-র সঙ্গে যৌথভাবে ছবিটি পরিচালনাও করেছেন তিনি।
সব মিলিয়ে, বীর দাসের বক্তব্য স্পষ্ট, ভারতে অ্যাওয়ার্ড শোর বিনোদনের ধরন এখনও অনেকটাই তারকাকেন্দ্রিক। সেখানে রোস্টের স্বাধীনতা বা ঝুঁকি নেওয়ার জায়গা তৈরি হতে গেলে বদলাতে হবে মানসিকতাও। ততদিন পর্যন্ত অস্কার-স্টাইল ‘রোস্ট’ এখানকার মঞ্চে কেবল আলোচনার বিষয় হিসেবেই থেকে যাবে।
&t=643s
