আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঠিক তার পরের  দিন, সোমবার, প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামেরা। বিমান বসু সোমবার ১৯২ আসনের প্রার্থী নাম ঘোষণা করেন। জল্পনা ছিলই বামেদের প্রার্থী তালিকা নিয়ে গত কয়েকদিন ধরে। জল্পনাতেই সিলমোহর কার্যত। তবে চমক অন্য জায়গায়। এই তালিকায় নাম নেই সৃজন ভট্টাচার্যের। গত বিধানসভা ভোটে 'সিঙ্গুরে সৃজন' কিংবা ২০২৪-এর লোকসভা ভোটে 'সৃজনশীল যাদবপুর' স্লোগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 

২০২৬-এর ভোটে সৃজন প্রার্থী হচ্ছেন, তাতে একপ্রকার নিশ্চিত ছিলই একাংশ। কিন্তু ১৯২ আসনের মধ্যে নেই সৃজনের নাম! প্রতীক উর দল ত্যাগ করার পর থেকেই, সৃজনের দলত্যাগ নিয়েই জোর চর্চা হয়েছে। প্রার্থী তালিকা থেকে বাদ কি সেই জল্পনার কারণেই? 

প্রার্থী তালিকা ঘোষণার পর, আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সৃজন ভট্টাচার্যের সঙ্গে। কী বলছেন তিনি? অভিমান? নাকি এটাই প্রত্যাশিত ছিল তাঁর কাছে?

স্ররজন বলছগেন, 'সবাইকে ভোটা দাঁড়াতে হবে, বাধ্যবাধকতা কী তার? সংগঠন আমাকে নির্দিষ্ট যে দায়িত্ব দিয়েছে, তা পালন করব। সঙ্গেই নির্বাচনের কাজে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করব বামপন্থী প্রার্থীদের জেতানোর।'   

 

রবিবার ভোট ঘোষণা হয়েছে। সোমবারেই প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। সোমবার দুপুরে, বিমান বসু সিপিআইএম-সহ বামেদের শরিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকা নিয়ে যে জল্পনা ছিল গত কয়েকদিন ধরেই, সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। যাদবপুরে বামেদের হয়ে ভোট লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, দমদম উত্তরে প্রার্থী হবেন দীপ্সিতা ধর, উত্তরপাড়া থেকে লড়াই করবেন মীনাক্ষী মুখার্জি। দীর্ঘ প্রার্থীতালিকা ঘোষণার আগে বিমান বসু ঘোষণা করেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আইএসএফ-এর। সেই প্রার্থীতালিকা অবশ্য ঘোষণা করেননি বিমান।

আলাদা করে সেই তালিকা হয়ত ঘোষণা করবে আইএসএফ। পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা দেখে মনে হচ্ছে, এবারেরও বিভিন্ন বয়সের, বিভিন্ন বৃত্তের, বিভিন্ন সংগঠনের মানুষকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে বামেরা। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছে বেশ কয়েকটি নাম। এবারের প্রার্থী তালিকায় নেই সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো নাম। পাশাপাশি, অন্য কোনও পেশার বা বৃত্তের মানুষদেরও উপস্থিতি তেমন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সংগঠনের, রাজনীতির মানুষদেরই প্রার্থী করা হয়েছে।