বড়পর্দায় তাঁর ম্যাজিক অব্যাহত। এবার ছোটপর্দা জয়ের পালা। সেই পথেও এগিয়ে গেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। স্টার জলসায় ২৪ ডিসেম্বর দুপুর ১টায় ‘অর্ধ্বাঙ্গিনী’ দেখানো হবে। পরিচালক আপ্লুত। আজকাল ডট ইনের কাছে তাঁর দাবি, ‘‘দর্শক দলে দলে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখেছে। যার জোরে ছবি হিট। তার মধ্যেও যাঁরা প্রবাসে থাকেন, বয়স্ক, কাজের কারণে প্রেক্ষাগৃহে যেতে পারেননি, তাঁদের জন্য ছোটপর্দায় বড় ছবি। আশা, এখানেও দর্শক বারবার ছবিটি দেখবে। যতবার চ্যানেল ছবিটি দেখাবে।’’

‘অর্ধ্বাঙ্গিনী’ শব্দটির মধ্যে এখনও যেন পুরুষতান্ত্রিক সমাজের গন্ধ লেগে। একটি সম্পর্কে বা যাপিত জীবনে কেউ কি অর্ধ্বেক জুড়ে থাকে? ছবিতে প্রশ্ন তুলেছেন কৌশিক। পরিচালকের কাছে ‘অর্ধ্বাঙ্গিনী’র অর্থ কী? তাঁর কথায়, ‘‘আক্ষরিক অর্থে অর্ধেক। পুরুষ নারীকে তাঁর জীবনের অর্ধ্বেক অংশ দেয়। কিন্তু আদতে তা হয় না। ছবিতে তাই দেখানো হয়েছে, দুই সম্পূর্ণ নারী এক সম্পূর্ণ পুরুষকে ভাল করে তুলেছে।’’ ছবি ঘিরে দর্শকমনে আগ্রহ এখনও তুঙ্গে। সেই জায়গা থেকেই প্রশ্ন, চারপাশে প্রচুর ভাঙন। সেই জন্যই কি নারী-পুরুষের প্রকৃত সম্পর্ক বা সম্পর্ক ধরে রাখার কথা জানাতে এই ছবি? মেনে নিয়েছেন কৌশিক। তাঁর যুক্তি, অতীত থেকে এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য কবি, সাহিত্যিক লিখে চলেছেন। পরিচালকেরাও এই বিষয় নিয়ে ছবি বানাচ্ছেন। কেউ সম্পর্কের লড়াই নিয়ে করছেন। আবার কেউ ইতিবাচক বার্তা দিচ্ছেন।



এই জায়গা থেকে তাঁর দাবি, তিনি এবং চূর্ণী দীর্ঘ অনেকগুলো বছর এক ছাদের নীচে। সম্পর্কের ইতিবাচক দিকগুলো আঁকড়ে বাঁচেন বলেই এটা সম্ভব হয়েছে। পাশাপাশি, তাঁদের কোনও ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আনেন না। এবং মুক্তকণ্ঠে প্রশংসা করেছেন, ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়-জয়া আহসান জুটির। তাঁর দাবি, পরিচালকের কিছু কিছু পছন্দের অভিনেতা থাকেন। তাঁর ক্ষেত্রে এই দু’জন। এঁরা এক ফ্রেমে মানেই খুব ভাল কিছু হতে চলেছে— এই বিশ্বাস তাঁর রয়েছে। কৌশিক সেনের বদলে কৌশিক গঙ্গোপাধ্যায়ও তো ছবির নায়ক হতে পারতেন? একথাও মেনে নিয়েছেন তিনি। বলেছেন, ‘‘হতেই পারত। কিন্তু দুটো কারণে হয়নি। এক, কৌশিক সেন এই চরিত্র বেশি ভাল ফুটিয়ে তুলতে পারবেন, তাই। দুই, ছবিটা জটিল। তাই আমি এখানে পরিচালকের আসনে থাকতে চেয়েছি। ক্যামেরায় চোখ রেখে চূর্ণী, জয়া, কৌশিক, অম্বরীশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তীর মতো তাবড় অভিনেতাদের অভিনয় আরও একবার খুব কাছে থেকে দেখতে চেয়েছি।’’