নিজস্ব সংবাদদাতা: চোরাপথে ভাঙন কি পা বাড়াচ্ছে এই যিশু- নীলাঞ্জনার সংসারে? সমাজমাধ্যম থেকে সেনগুপ্ত পদবি ইতিমধ্যেই মুছে ফেলেছেন যিশু-পত্নী। টলিপাড়ার অন্দরের খবর, দূরত্ব বেড়েছে তাঁদের মধ্যে। এবং তা নাকি অনেকটাই। জোর গুঞ্জন, তাঁদের সম্পর্কে 'দূরত্ব' বেড়ে যাওয়ার কারণে নাকি হাত রয়েছে এক তৃতীয় ব্যক্তির। 
বর্তমানে বছরের বেশিরভাগ সময়ে মুম্বইয়ে কাটান যিশু। টিনসেল টাউনে একের পর এক ছবি ও জনপ্রিয় ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাঁকে। বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও পা বাড়িয়েছেন এই সুদর্শন বাঙালি অভিনেতা। সেখানেও একাধিক বিগ বাজেটের দক্ষিণী ছবির অন্যতম মুখ হিসাবে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। টলিপাড়ায় ফিসফাস, যিশুর ম্যানেজার হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন শেনাল নামের সেই মহিলার সঙ্গেই নাকি সম্পর্ক জমাট বেঁধেছে 'দশম অবতার' ছবির অভিনেতার! আর সে কারণেই সেনগুপ্ত পরিবারে শুরু হয়েছে অশান্তি।

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর ভালবাসার সংসারে ভাঙন- প্রথমে একথা বিশ্বাস করতে চাননি অনেকেই। তবে নিজের সমাজমাধ্যমে পোষ্টের মাধ্যমে এর ইঙ্গিত দিয়েছিলেন যিশু-পত্নী। এই পরিস্থিতিতে প্রথমবার মাকে নিয়ে পোস্ট করলেন সারা। তাঁদের পরিবারের এই কঠিন সময়ে তিনি যে তাঁর মায়ের পাশেই আছেন, সেকথা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন 'উমা'র অভিনেত্রী। মাকে কীভাবে আগলে রাখছেন, মায়ের পাশে কতটা রয়েছেন, এই পোস্টেই তা তুলে ধরলেন তিনি।

জীবনের অন্যতম কঠিন পথ পেরোতে হচ্ছে তাঁকে, সমাজ মাধ্যমে সেই কথা জানিয়েছিলেন নীলাঞ্জনা। এবং এই পথ পেরোতে যাদের তিনি পেয়েছেন তারা হলেন দুই মেয়ে সারা ও জারা বোন চন্দনা। মায়ের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সারা লিখেছেন, "এই খেলায় সবচেয়ে শক্তিশালী মহিলা"।সঙ্গে মুকুটেরও ইমোজি দিয়েছেন সারা।

 নেটিজেনদের ধারণা, যিশু-কন্যা আসলে তাঁদের পরিবারের এই কঠিন সময়কেই 'খেলা' বলে বোঝাতে চেয়েছেন। এবং পোস্ট করা এই ছবির মতোই যে মাকে বাস্তবেও আগলে রেখেছেন তিনি, তা বেশ বোঝা যাচ্ছে। 

মায়ের মতই বাবা যিশু সেনগুপ্তকে সমাজমাধ্যমে আর ফলো করছেন না সারা, তা তাঁর প্রোফাইলে চোখ বোলালেই স্পষ্ট। টলিপাড়ায় ফিসফাস, যিশু সেনগুপ্তর কাজের কারণে বেশিরভাগ সময়ে দুই মেয়েকে সামলেছেন মা নীলাঞ্জনা। যিশুর কর্মব্যস্ততার দরুণ সংসার এবং প্রযোজনার সংস্থার ব্যস্ততা একা হাতে সামলেছেন তিনি। তাই, পরিবারের এই কঠিন সময়ে, বাবাকে নয় বরং মাকে আগলে রাখছেন মেয়ে সারা।