টলিউডের বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষাল নাকি নিজের বাড়িতেই অত্যাচারিত! দিনের পর দিন ধরে নাকি অভিনেতার উপর ছেলে, নাতি এমনকী স্ত্রী শারীরিক নির্যাতন চালাচ্ছেন। সম্প্রতি এমনই অভিযোগ করেছেন শঙ্কর ঘোষাল। তিনি সম্পর্কে অভিনেত্রী রত্না ঘোষালের দাদা। বোন রত্না ঘোষালের দেওয়া মাসোহারা দিয়েই নাকি সংসার চলে শঙ্করের। কিন্তু দাদার এই পরিণতির বিষয়ে কিছুই জানেন না বোন? 

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল রত্না ঘোষালের সঙ্গে।  তিনি সাফ জানান দাদা একদম বাজে কথা বলছেন। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, "পুরো অভিযোগ মিথ্যে। এরকম কিছু হতেই পারে না। ওর স্ত্রী ওরকম মানুষ নয় যে অত্যাচার করবে। শারীরিক কেন, মানসিক নির্যাতন পর্যন্ত করবে না বলেই বিশ্বাস আমার। ভাইপো,তার ছেলে কেউই এসব করতেই পারে না‌।"

তিনি আরও বলেন, "ওর (শঙ্কর ঘোষাল) আসলে মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছে, তাই ভুল বকছে। ওর কথা বিশ্বাস করার কোনও মানেই হয় না। তাছাড়া আমার যোগাযোগ আছে ওদের সবার সঙ্গে। এমন কিছু আঁচ পেলে তো আমি বুঝতাম ও সত্যি বলছে। এক্ষেত্রে ডাঁহা মিথ্যে বলছে জানি। আমি প্রতি মাসে যে টাকাটা দিই, তারপরেও কত বদনাম করে আমার। এসব পুরোটাই ওর সাজানো মিথ্যে, আর কিছু নয়।"


প্রসঙ্গত, শঙ্কর ঘোষাল এই মুহূর্তে কলকাতার গৌরীবাড়ি এলাকায় বসবাস করেন পরিবারের সঙ্গে। তেমন স্বচ্ছল অবস্থা নয় অভিনেতার। এখন তেমনভাবে আর কাজ পান না তিনি। শারীরিক অসুস্থতাও বেড়েছে। ফলে বাড়িতেই কাবু শঙ্কর ঘোষাল। এক সময় ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিনয় করতে দেখা যেত তাঁকে। এখন সুযোগের অপেক্ষায় আর থাকেন না, শরীর সাথ দেয় না বলে। তবে এক্ষেত্রে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল শঙ্কর ঘোষালের সঙ্গেও। কিন্তু এই মুহূর্তে ফোনে তিনি অধরা।