এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান চক্রবর্তী। মাঝে দু'দিন তেমন কোনও খবর পাওয়া যায়নি তাঁদের। তবে জানা যাচ্ছে এখন ভাল আছেন শুভশ্রী, ভাল আছে ইউহানও। খবর, দু-একদিনের মধ্যেই কলকাতায় ফিরতে পারেন টলিউডের 'লেডি সুপারস্টার'।
বর্ধমানের বাড়িতে থাকেন তাঁর বাবা,মা ও পরিবারের অন্য সদস্যরা। তাঁর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানিয়েছেন, রবিবার দুপুর ১১টা নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে নাতির সঙ্গেও। রবিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় চিন্তা কমেছে বাড়ির লোকের। অন্যদিকে, রবিবার থেকেই কিছু কিছু ফ্লাইট দুবাই থেকে ছাড়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবে প্রথমদিকে অসুবিধা হতে পারে। তাই সোমবার বা মঙ্গলবারের ফ্লাইট ধরতে পারেন তাঁরা।
কলকাতার বাড়িতে রয়েছেন শুভশ্রীর স্বামী পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তী ও মেয়ে ইয়ালিনি। মেয়ের শরীর তেমন ভাল না থাকায় তাকে নিয়ে যেতে পারেননি শুভশ্রী। পরীক্ষার পর ছোট্ট ইউভান বায়না ধরেছিল দুবাই সফরের। সেই বায়না মেটাতেই শুভশ্রীর এই ঝটিকা সফর। শুটিংয়ের কাজে এর আগে অনেক বিদেশ গিয়েছেন। কিন্তু মা হিসেবে এটা অনেক বড় দায়িত্বের। উত্তাল দুবাইয়ের ঘটনা জানার পরে তাই উদ্বেগে কাটছিল না রাজের। উদ্বেগ ছিল বর্ধমানের বাড়িতেও।
যুদ্ধ পরিস্থিতির খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে মেয়েকে ফোন করেন দেবপ্রসাদ। হোয়াটসঅ্যাপ কলে তাকে পাননি। পরে ফোনে কথা হয়। অভিনেত্রীর বাবা সেদিন জানিয়েছিলেন, কথা বলার পর তিনি আশ্বস্ত হয়েছেন শুভশ্রী ও ইউভান দু'জনেই ঠিক আছেন। আশেপাশে বোম্বিং হয়েছে। তবে হোটেলে ছেলেকে নিয়ে নিরাপদে রয়েছেন অভিনেত্রী।
ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন হামলার জেরে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বিশৃঙ্খল অবস্থা। কোনও আগাম ঘোষণা ছাড়াই বিমান বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ দিশেহারা। আটকে পড়েছিলেন বহু তারকাও। তবে একে একে বাড়ি ফিরেছেন অনেকে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টলিউডের 'লেডি সুপারস্টার'-এর অনুরাগীরা।
