সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগে কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে আসার ঠিক আগে নিজের পায়ে দুর্ঘটনাবশত গুলি চালিয়ে আহত হন অভিনেতা গোবিন্দা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

 

 

অভিনেতা নিজেই একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তাঁর হাত থেকে বন্দুকটি পড়ে গিয়েছিল এবং দুর্ঘটনাবশত গুলি সেই বন্দুক থেকে ফায়ার হয়, যার ফলে চোট পান তিনি। যদিও তাঁর এই কথা মানতে রাজি হননি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। শুরু করেছিলেন তদন্ত। এখনও পর্যন্ত যদিও সামনে আসেনি কোনও তথ্য। 

 

 

এদিকে, গোবিন্দার স্ত্রী সুনীতা পাপারাজ্জিদের সেই সময় জানিয়েছিলেন, গোবিন্দা ঠিক আছেন। সবার প্রার্থনায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর ক'দিনের মধ্যে নাচতেও পারবেন তিনি। মজার ছলে হলেও সুনীতার এই কথায় আশ্বস্ত হয়েছিলেন অভিনেতার অনুরাগীরা। 

 

 

কিন্তু দীপাবলির অনুষ্ঠানে পরিবারের সঙ্গে দেখা গেল না গোবিন্দাকে। তাহলে কি এখনও পুরোপুরি সুস্থ হননি 'হিরো নম্বর ১'? সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়ের সঙ্গে দীপাবলির অনুষ্ঠানে সুনীতাকে একাই দেখা যেতে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। এবার এই প্রসঙ্গে সুনীতা জানান, গোবিন্দা সুস্থ হলেও চিকিৎসক তাঁকে এখন বিশ্রাম‌ নিতে বলেছেন। তাই এই বছর দীপাবলির অনুষ্ঠানে তিনি থাকতে পারছেন না। ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে তাই সুনীতা একাই এইদিনটা কাটাচ্ছেন।