সদ্যই জানা গিয়েছে যে, সেপ্টেম্বর মাস থেকেই পুনরায় শুরু হতে চলেছে 'বিগ বস'। এই রিয়্যালিটি শোয়ের ২০ তম সিজনে আবারও সঞ্চালকের ভূমিকায় থাকবেন সলমন খান। তবে কাদের প্রতিযোগী হিসেবে দেখা যাবে সেটা এতদিন কিছুই জানা যায়নি। অবশেষে বলিউডের অন্দরে ফিসফাস চলছে, র্যাপার স্যান্টি শর্মা এবারের 'বিগ বস ২০'-এর অন্যতম প্রতিযোগী হিসেবে থাকতে পারেন।
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ, শোয়ের নির্মাতারা মুখ খোলেননি। এমনকী স্যান্টি নিজেও জানাননি যে তিনি এই শোয়ের অংশ হচ্ছেন কিনা। ফলে সবটাই বর্তমানে জল্পনার স্টেজে রয়েছে। কিন্তু কে এই স্যান্টি শর্মা? কেনই বা তিনি বিগ বস হাউজে চান্স পেলেন?
স্যান্টি শর্মা মধ্য প্রদেশের একজন র্যাপার। তবে তিনি তাঁর গানে সকলকে মুগ্ধ করার পাশাপাশি নেটপাড়ার নজর কেড়েছেন আরও একাধিক বিষয়ে। অনলাইনে বিভিন্ন তর্ক-বিতর্কে তিনি অংশ নিয়েছেন। সাম্প্রতিক বিষয়ে নিজের সুস্পষ্ট মতামত তুলে ধরেছেন। আর এসবের কারণেই তিনি নেটিজেনদের নজরে পড়েছেন। সবটা মিলিয়েই তাই 'বিগ বস ২০'-এর যে সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা ঘুরছে অনলাইনে সেখানে তাঁর নামও দেখা গিয়েছে।
প্রসঙ্গত, 'বিগ বস ১৯' দারুণ জনপ্রিয় হয়েছিল। তানিয়া মিত্তল, ফারহানা ভাট, গৌরব খান্না, অমল মালিক, প্রমুখের মতো তারকারা ছিলেন গত সিজনে। এবার জানা যাচ্ছে 'বিগ বস' সিজন ২০ আরও বড় এবং বেশি ড্রামাটিক হতে চলেছে। আর আবারও এই জনপ্রিয় শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে সলমন খানকে। সূত্রের খবর আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে 'বিগ বস ২০'। তবে ছোটপর্দায় ফেরার আগে সলমন খান তাঁর অ্যাকশন ফিল্মের একটা বড় ভাগের শুটিং করে তারপর 'বিগ বস' -এর কাজে হাত দেবেন বলেই জানা গিয়েছে। এই বহু প্রতীক্ষিত ছবিটিতে ভাইজানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। ভামসি পাইদিপল্লি ছবিটির পরিচালনা করছেন।
'বিগ বস ২০'-এর প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই অডিশন নেওয়া, শর্ট লিস্ট করা শুরু হয়ে গিয়েছে। একাধিক টেলিভিশন তারকার কাছে এই শোয়ে অংশ নেওয়ার অফার গিয়েছে বলেই খবর। তবে শেষ পর্যন্ত কাদের 'বিগ বস ২০' -তে দেখা যায়, সেটাই এখন দেখার পালা। বলিউডের অন্দরে জোর ফিসফাস, এবারের সিজনে নাকি একাধিক পুরনো মুখকে দেখা যেতে পারে। তবে এটা কতটা নিছক জল্পনা আর কতটা বাস্তব সেটা সময় এলেই বোঝা যাবে।















