সোশ্যাল মিডিয়ায় এখন জোর চর্চা চলছে অভিনেত্রী মানসী সেনগুপ্তকে নিয়ে। বিষয়, অভিনেত্রীর নতুন বাড়ি। মানসীর নতুন বাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বিভিন্ন কাটাছেঁড়া চলছে। অভিনেত্রীর প্রাসাদোপম বাড়ি দেখে অনেক নেটিজেন প্রশ্ন করেছেন এতদিন শুধুমাত্র পার্শ্বচরিত্রে অভিনয় করে কীভাবে এই বাড়ি তৈরি করলেন? শুধু তাই-ই নয়, মানসীর বাহ্যিক আয় ও চরিত্র নিয়েও কথা উঠছে নেটপাড়ায়।

এই বিষয়ে যদিও সোশ্যাল মিডিয়ায় মুখে কুলুপ এঁটেছেন মানসী। তবে নতুন বাড়ির গৃহ প্রবেশের পরেই নেতিবাচক মন্তব্য কীভাবে দেখছেন অভিনেত্রী? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল মানসীর সঙ্গে। অভিনেত্রীর কথায়, "আমি ন'বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এতটুকু যদি রোজকার না করি, একটা বাড়ি যদি তৈরি করতে না পারলাম তাহলে আর কী করলাম? আর হোম লোন বলে যে একটা বিষয় আছে সেটা অনেকেই ভুলে যান।"

মানসীর কথায়, "আসলে কথা বলতে তো ট্যাক্স লাগে না। তাই যে যা পারেন মন্তব্য করতে থাকেন। আসলে এসব হিংসার প্রতিফলন। অনেকেই আছেন যাঁরা কারওর ভাল দেখতে পারেন না। আমি নেতিবাচকতায় কান দিই না। এতকিছু মাথায় চলতে থাকলে পিছিয়ে পড়ব। আরও একটা বাড়ি তৈরি করতে পারব না।"

চলতি বছরের শুরুর দিকে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন মানসী। এখন ছেলে ও মেয়েকে নিয়েই থাকেন তিনি। সঙ্গে যদিও বোনেরা থাকেন। এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'তে দেখা যাচ্ছে তাঁকে। বরাবরের মতোই এই চরিত্রটির মাধ্যমেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মানসী। শুটিং সামলে সন্তানদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন মানসী। নিজের বাড়ির নাম রেখেছেন 'পিছুটান'। মনের মতো করে স্বপ্নের বাসা সাজিয়েছেন অভিনেত্রী। তাই নেতিবাচকতাকে দূরে ঠেলে এগিয়ে যেতে চান তিনি।