সংবাদ সংস্থা মুম্বই: গত কয়েক বছর ধরেই বলিউডে পা রাখার জোর প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দার পুত্র যশবর্ধন আহুজা। শেষমেশ সেই সুযোগ তিনি পেলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সাই রাজেশের হিন্দি ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখতে চলেছেন যশবর্ধন। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে জোর খবর, তাঁর পাশে অন্যতম মুখ্যচরিত্রেকে দেখা যাবে অভিনেতা বাবিল খানকেও। 

 

সূত্রের খবর, "গোবিন্দা-পুত্রের প্রথম ছবি যাতে দর্শকের প্রশংসা আদায় করে, তার জন্য পারতপক্ষে কোনও ত্রুটি রাখছেন না নির্মাতারা। তাই ছবিতে আসছেন ইরফান-পুত্র। বিশেষ করে বাবিলের চরিত্রটি অনেক বেশি কঠিন। এবং এই চরিত্রে তরুণ প্রজন্মের একজন শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতার খোঁজে ছিলেন নির্মাতারা। বালি অভিনীত 'কলা' এবং 'দ্য রেলওয়ে মেন' ইতিমধ্যেই দারুণ প্রশংসিত ও চর্চিত। সব মিলিয়ে তাই বাবিল। 

 

ছবিটি প্রযোজনা করবেন মধু মন্তেনা, আল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মস।” উল্লেখ্য, ছবিতে যশবর্ধনের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে  তাকে খুঁজে পেতে অডিশন নিচ্ছেন প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। 

 

প্রসঙ্গত, লন্ডনের মেট ফিল্ম স্কুলে এক বছরব্যাপী ফিল্ম মেকিং এবং অ্যাক্টিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন গোবিন্দা-পুত্র। পাশাপাশি একজন সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন, 'ঢিসুম', 'কিক ২'র মতো ছবিতে। নয়ের দশকের বলি-তারকা গোবিন্দার দুই সন্তান। টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা। ২০১৫ সালে 'সেকন্ড হ্যান্ড হাজব্যান্ড' ছবির মধ্য দিয়ে বলিউডি ডেবিউ হয় টিনার। যদিও সে ছবি বক্সঅফিসে সাফল্য পায়নি।