দম ফেলার সময়টুকুও নেই গৌরব চট্টোপাধ্যায়ের। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ শেষের আগেই একাধিক নতুন ধারাবাহিকের ডাক। টেলিপাড়া বলছে, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এবং লীনা গঙ্গোপাধ্যায়— উভয়েই চাইছেন তাঁকে তাঁদের ধারাবাহিকে পেতে। কোন দিকে পা রাখতে চলেছেন তিনি? এখনও জানা যায়নি। আজকাল ডট ইন সবিস্তার জানতে যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তিনি ছুটির মেজাজে। তাই সাড়া দেননি।

ছোটপর্দার বড় তারকা গৌরব। ‘দুর্গা’, ‘রাণী রাসমণি’ কিংবা ‘গাঁটছড়া’— সব স্বাদের, সব ধারার ধারাবাহিকেই হিট তিনি। তাই তাঁকে পেতে সবাই আগ্রহী হবেন, এটাই স্বাভাবিক। জি বাংলার ব্লকবাস্টার ধারাবাহিক ‘রাণী রাসমণি’তে তিনি ‘মথুরবাবু’র চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। ‘গাঁটছড়া’য় গৌরব ‘ঋদ্ধিমান সিংহ রায়’। হিরের ব্যবসায়ী। এবার কী ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে? লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকের গল্প এক্ষুণি জানা যায়নি। তবে স্নিগ্ধা বসুর দুটো ধারাবাহিক সম্বন্ধে আঁচ পাওয়া গিয়েছে। একটিতে গৌরব একেবারে নিজের চরিত্রের বিপরীতে গিয়ে অভিনয় করতে পারেন। চরিত্র অনুযায়ী তিনি ভীষণ বেশি কথা বলেন। বাস্তবে নায়ক ভীষণ অন্তর্মুখী। অন্যটিতে তিনি সম্ভবত ফিটনেস ফ্রিক, মাচো ম্যান। এই ধারা তাঁর সঙ্গে মেলে। গৌরব অত্যন্ত শরীর সচেতন। নিয়মিত জিমে যান, সাইকেল চালান।

তবে তিনটি ধারাবাহিকের কোনওটারই লুক সেট নাকি হয়নি। অএবং কোনটায় তিনি থাকছেন, সে সম্বন্ধেও কিচ্ছু ঠিক করেননি। আপাতত তিনি নিজেকে সময় দিতে চান। সদ্য শেষ হওয়া চরিত্র থেকে বেরিয়ে আসতে চান। নিজের যত্ন নিতে চান। বছরের শেষ দিনগুলো পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। নতুন বছরে আবার নতুন করে শুরু করবেন সব। যদিও টেলিপাড়ায় জোর গুঞ্জন, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের একটি ধারাবাহিকের জন্য নাকি তাঁর এবং সন্দীপ্তা সেনের লুক সেট হয়ে গিয়েছে। নতুন বছরে প্রচার ঝলক প্রকাশ্যে আসবে। ধারাবাহিকে থাকবে আরও এক জোড়া নায়ক-নায়িকা। তাঁরা নীল ভট্টাচার্য, দেবচন্দ্রিমা সিংহ রায়। তিন জনেই এই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন।