আসন্ন বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর পোস্টের জেরে চরম অস্বস্তিতে পড়েছেন ঢালিউডের দুই তারকা -শাকিব খান ও সাবিলা নূর। ভুয়ো প্রচারের মাধ্যমে তাঁদের রাজনৈতিক প্রচারে যুক্ত থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছিল, যা ঘিরে গোটা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি ফটোকার্ড ও ভিডিওতে দাবি করা হয়, শাকিব খান নাকি জামায়াতে ইসলামীর হয়ে ভোট চাইছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে তৈরি ওই ফটোকার্ডে এমনই ইঙ্গিত দেওয়া হয়। ভিডিওটিতে দেখা যায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খানের মতো দেখতে এক ব্যক্তি। সঙ্গে আরও কয়েকজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা। ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে সাজানো হয়েছিল, যাতে সেটিকে ‘জামায়াতের ভাইরাল গান’-এ শাকিব খানের অংশগ্রহণ বলে মনে হয়। আরেকটি ভিডিওতে শাকিব খানের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেও দেখা যায়।

 

তবে যাচাই করে নিশ্চিত হওয়া গিয়েছে, ওই ফটোকার্ড ও ভিডিও দুটিই সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ভিডিওটি পর্যবেক্ষণে মুখাবয়বের গঠন, ঠোঁটের নড়াচড়া, আলোর প্রতিফলন ও পারিপার্শ্বিক পরিবেশে একাধিক অস্বাভাবিকতা দেখা যায়, যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়। এই প্রসঙ্গে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই কনটেন্ট সম্পর্কে অভিনেতা বিন্দুবিসর্গ জানেন না এবং বাংলাদেশের নির্বাচনী রাজনীতির সঙ্গে যুক্ত কোনও প্রচারে তিনি অংশ নেননি।

এইমুহূর্তে দেশের বাইরে রয়েছেন শাকিব খান। ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘প্রিন্স’-এর শুটিংয়ে, যা মুক্তি পাওয়ার কথা আসন্ন ঈদে। শুটিং শেষ করে দু’সপ্তাহের বিরতি নেওয়ার পর তিনি শুরু করবেন পরবর্তী ছবি ‘রকস্টার’-এর কাজ।

এই আবহেই শাকিবের মতো একই ধরনের সমস্যার মুখে পড়েছেন অভিনেত্রী সাবিলা নূর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে তাঁর নামে একটি রাজনৈতিক দলের প্রসঙ্গে মন্তব্য জুড়ে দেওয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সাবিলা। নিজের অফিসিয়াল ফ্যান পেজে তিনি স্পষ্ট করে লেখেন, “আমাকে জড়িয়ে একটি ভুয়ো ফটোকার্ড ছড়ানো হয়েছে। আমি পরিষ্কার করে জানাতে চাই, কোনও বিষয়ে যদি কখনও আমি মন্তব্য করি, তা শুধুমাত্র দেশের মূলধারার সংবাদমাধ্যমেই প্রকাশিত হবে।”

 

এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, সাম্প্রতিক সময়ে ভুয়ো এআই নির্ভর ছবি ও ভিডিও বহু শিল্পীকে, তাঁর সহ নিজেকেও, অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে। “হয়তো কেউ আবেগ বা ভালবাসা থেকে এগুলো বানায়, কিন্তু এতে বিভ্রান্তি তৈরি হয় এবং মিথ্যা খবর ছড়ায়, যা কোনওভাবেই কাম্য নয়,” যোগ করেন তিনি। গোটা বিষয়টি থেকে দর্শকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবিলা। “আমার দর্শকরা সবসময়ই দায়িত্বশীল। আশা করি, তারা ভবিষ্যতেও এরকম ভুয়ো ও বিভ্রান্তিকর বিষয় থেকে দূরে থাকবে। অনুগ্রহ করে এ ধরনের বিষয়ে জড়াবেন না!” বলেন অভিনেত্রী। জানিয়ে রাখা ভাল, সম্প্রতি পরিচালক তানিম নূরের ছবি ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং শেষ করেছেন সাবিলা। ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ।

 

&t=313s

 

এছাড়াও শাকিব খানের সঙ্গে ফের একবার অভিনয় করতে চলেছেন সাবিলা। ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবিতে তাঁদের দেখা যাবে একসঙ্গে। গত বছরের ঈদ-উল-আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’-এর পর পর্দায় দ্বিতীয়বার জুটি বাঁধছেন তাঁরা।