‘দৃশ্যম ৩’-এ অক্ষয় খান্নার জায়গায় কে আসছেন- এই প্রশ্ন ঘিরে দীর্ঘদিন ধরেই বলিউডে তুমুল জল্পনা। প্রথমে শোনা যায়, নানা মতানৈক্যের জেরে ‘ধুরন্ধর’-খ্যাত অভিনেতা প্রকল্প ছাড়ার পর তাঁর জায়গায় নাকি পা রেখেছেন জয়দীপ আহলাওয়াত। পরে গুঞ্জন ছড়ায়, ছবিতে যুক্ত হচ্ছেন প্রকাশ রাজ। তবে সব জল্পনায় ইতি টেনে এবার নিজেই মুখ খুললেন প্রকাশ রাজ।

এক্স-এ প্রকাশ রাজ লেখেন,“এই আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি  দৃশ্যম ৩ (হিন্দি)-এর শুটিং শুরু করলাম। দারুণ টিম, আর অভিনয়ের জন্য একেবারে ঝাঁঝালো একটি চরিত্র। আমি নিশ্চিত, আপনাদের ভাল লাগবে। (আর হ্যাঁ, আমি কারও জায়গা নিচ্ছি না…)”

এই পোস্টের পরেই পরিষ্কার হয়ে যায়, প্রকাশ রাজের সঙ্গে অক্ষয় খান্নার ‘রিপ্লেসমেন্ট’ তত্ত্ব পুরোপুরি ভ্রান্ত।

কেন ‘দৃশ্যম ৩’ ছাড়লেন অক্ষয় খা ন্না?গত বছর থেকেই ‘দৃশ্যম ৩’ নিয়ে উত্তেজনার মাঝেই খবর আসে, এই ছবি থেকে আচমকা সরে দাঁড়িয়েছেন অক্ষয় খান্না। শোনা যায়, পারিশ্রমিক ও চরিত্র সংক্রান্ত মতবিরোধই তাঁর প্রস্থান-এর মূল কারণ। সূত্রের খবর, ‘ধুরন্ধর’ ও ‘ছাবা’-র সাফল্যের পর অক্ষয় নাকি নিজের পারিশ্রমিক বাড়িয়ে ২১ কোটি টাকা দাবি করেছিলেন! এক সূত্র জানায়, “ছাবা--য় ভয়ঙ্কর ভিলেন হিসেবে অক্ষয় নজর কেড়েছেন, আর ধুরন্ধর-এ তো পুরো ছবিই একপ্রকাশৰ তিনি নিজের কাঁধে বয়ে নিয়ে গেছেন। সেই সাফল্যের পরেই তিনি নিজের পারিশ্রমিক বাড়ান এবং ‘দৃশ্যম ৩’-এর জন্য ২১ কোটি টাকা চান।”

তবে শুধু টাকা নয়, মতবিরোধের আরও একটি বড় কারণ ছিল অক্ষয়ের চরিত্রের লুক। সূত্রের দাবি, আইজি তরুণ আহলাওয়াত চরিত্রে অক্ষয় পরচুলা ব্যবহার করতে চেয়েছিলেন। নির্মাতারা এই প্রস্তাবে স্বচ্ছন্দ ছিলেন না। বিশেষত ‘দৃশ্যম ২’-এ অক্ষয়কে পরচুলা ছাড়া দেখা গিয়েছিল বলেই।

এদিকে, প্যানোরামা স্টুডিয়োজ়ের কর্ণধার কুমার মঙ্গত পাঠক পুরো বিষয়টি অন্যভাবে দেখছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, অক্ষয় আসলে ‘ধুরন্ধর’ মুক্তির ঠিক এক দিন আগে ‘দৃশ্যম ৩’ ছেড়ে দেন। পাঠকের কথায়, অক্ষয়ের পারিশ্রমিক তিন বার পুনরায় আলোচনা করা হয়েছিল এবং টাকা মূল সমস্যা ছিল না। তাঁর দাবি, আলোচনার পর অভিনেতা ফোন ধরাই বন্ধ করে দেন, যার ফলে স্টুডিয়োকে আইনি নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হয়।তিনি আরও জানান, চুলের স্টাইল নিয়েও মতবিরোধ তৈরি হয়েছিল। বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা হলেও শেষ পর্যন্ত দুই পক্ষের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।


অক্ষয় খন্নার প্রস্থান নিয়ে বিতর্কের মধ্যেই জয়দীপ আহলাওয়াতের নাম উঠে আসে। তবে পরিচালক অভিষেক পাঠক এই জল্পনা উড়িয়ে দেন।  তিনি বলেন,“না, জয়দীপ অক্ষয়ের জায়গায় আসছেন না। আমি একেবারে নতুন একটি চরিত্র লিখেছি।”

&t=313s

 


যাই হোক, দুর্দান্ত সফল থ্রিলার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ ইতিমধ্যেই একাধিক কারণে খবরের শিরোনামে। গত বছর মুক্তি পায় ছবির ঘোষণার  টিজার, যেখানে দেখা যায় অজয় দেবগণ, টাবু, শ্রিয়া শরণ ও রজত কাপুরকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ২ অক্টোবর।