‘ধুরন্ধর’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই বলিউডে একপ্রকার বিস্ফোরণ-ই ঘটেছিল বলা যায়। আর সেই বিস্ফোরণের মধ্যে ছিলেন ফারহান আখতার এবং রণবীর সিং। সোজা কথায়, ফারহান আখতারের স্বপ্নের প্রজেক্ট ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। প্রথমে শোনা গিয়েছিল, তাঁদের সৃজনশীল মতপার্থক্যই এর মূল কারণ। কিন্তু এখন যে খবর  সামনে আসছে, তা বলছে, বিষয়টা শুধু “ক্রিয়েটিভ ডিফারেন্স”-এ আটকে নেই। এই ছেড়ে যাওয়া ঘিরে ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি, বন্ধ দরজার বৈঠক, এবং একে অপরের বিরুদ্ধে তীব্র অভিযোগে রীতিমতো উত্তাল এক্সেল এন্টারটেনমেন্ট বনাম রণবীর সিংয়ের শিবির।

জোর খবরয়ী, ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট দাবি করছে, ‘ডন ৩’-এর প্রি-প্রোডাকশনেই প্রায় ৪০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। সেই অর্থ ফেরত চাইতেই প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার মধ্যস্থতায় দু’দফা বৈঠকে বসে দুই পক্ষ। প্রথম বৈঠকটি হয় প্রায় এক সপ্তাহ আগে। কিন্তু আসল উত্তেজনা ছড়ায় দ্বিতীয় বৈঠকে, যেখানে অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি চরমে ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী প্রযোজকের বক্তব্য অনুযায়ী, বৈঠকে রণবীর সিং সরাসরি এক্সেল এন্টারটেনমেন্টের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ‘ডন ৩’ নিয়ে ফারহান আখতারের হাতে কখনওই কোনও চূড়ান্ত বা তৈরি চিত্রনাট্য ছিল না। অভিনেতার বক্তব্য, “একজন শিল্পী হিসেবে আমি অসম্পূর্ণ চিত্রনাট্যে কাজ করতে চাই না।” আরও দাবি করা হয়, চিত্রনাট্যে  প্রয়োজনীয় পরিবর্তন বা সাব-প্লট নিয়ে রণবীর নিজস্ব মতামত দিলেও ফারহান তা গ্রহণে আগ্রহী ছিলেন না।

এখানেই থামেনি বিতর্ক। রণবীর নাকি বৈঠকে অভিযোগ করেন, এক্সেল মাঝপথে হৃতিক রোশনকে ‘ডন ৩’-এ মুখ্যচরিত্রে আনার সম্ভাবনাও খতিয়ে দেখছিল। অথচ একমাত্র ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগাতেই ফের যোগাযোগ করা হয়, এমনটাই দাবি রণবীরের শিবিরের। উল্লেখযোগ্যভাবে, ‘ডন ২’-এ (২০১১) শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিও করেছিলেন হৃতিক।

তবে ফারহান আখতারের বক্তব্য সম্পূর্ণ আলাদা। ওই একই সূত্রের দাবি অনুযায়ী, ফারহানের বক্তব্য ছিল, রণবীর কখনও চিত্রনাট্য নিয়ে আপত্তি তোলেননি। বরং অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর ‘ডন’-এর তৃতীয় অধ্যায়ের মুখ হতে তিনি যথেষ্ট উৎসাহী ছিলেন। ফারহানের দাবি, চিত্রনাট্যের সমস্ত আপডেট নিয়মিত রণবীরের কাছে পাঠানো হয়েছে এবং প্রতিটি ধাপেই অভিনেতা সম্মতি দিয়েছিলেন।

 

এক্সেল এন্টারটেনমেন্টের ঘনিষ্ঠ মহলের মতে, এই প্রস্থান শুধুমাত্র আর্থিক ক্ষতির প্রশ্ন নয়, এটি অভিনেতাদের “অযৌক্তিক দাবি”-র বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করার লড়াইও। অন্যদিকে, রণবীরের ঘনিষ্ঠ সূত্র বলছে, টানা তিন বছর সিদ্ধান্তহীনতায় ঝুলে থাকা একটি প্রজেক্টে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। অভিযোগ, ফারহান আখতার নিজের অন্যান্য ছবি ও অভিনয়জীবনকে অগ্রাধিকার দেওয়ায় ‘ডন ৩’ কার্যত উপেক্ষিত ছিল।

 

 

&t=313s

এই মুহূর্তে দুই পক্ষই প্রকাশ্যে নীরব। কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি ফারহান আখতার বা রণবীর সিং -কারও তরফেই। তবে বলিউডে গুঞ্জন স্পষ্ট, ‘ডন ৩’ ঘিরে এই দ্বন্দ্ব এখনও অনেক দূর গড়াতে পারে।এদিকে, সমস্ত বিতর্কের মাঝেই রণবীর সিং প্রস্তুতি নিচ্ছেন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর জন্য, যা মুক্তি পেতে চলেছে আগামী ১৯ মার্চ।