সংবাদ সংস্থা মুম্বই: সদ্য শেষ হয়েছে 'বিগ বস ওটিটি'র তিন নম্বর সিজন।‌ বিজয়ীর মুকুট উঠেছে সানা মকবুলের মাথায়। এই সিজনের অন্যতম প্রতিযোগী নেজিকে 'বিগ বস'-এর ট্রফি জেতার পাশাপাশি ২৫ লক্ষ টাকার চেকও পুরস্কার হিসাবে পেয়েছেন হিন্দি ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী। তবে 'বিগ বস ওটিটি'র 'গ্র্যান্ড ফিনালে'র দৌড়ে ছিলেন বলি- অভিনেতা রণবীর শোরেও। তৃতীয় স্থান দখল করে এই শো থেকে ছিটকে যান তিনি। এরপর অনুষ্ঠান শেষ হতেই 'বিগ বস'- এর উদ্দেশ্য তোপ দাগলেন তিনি। আনলেন বিস্ফোরক সব অভিযোগ। কটাক্ষ করতে ছাড়েননি সানাকেও।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর শোরে জানান 'বিগ বস'-এর ঘরে 'সেরা' হওয়ার যোগ্যতা নেই সানা মকবুলের। তাঁর কথায়, " আমার মনে হয় না এই 'বিগ বস'-এর ঘরে চিৎকার করে 'আমি জিততে চাই', 'আমি স্বার্থপর'...এসব বলা ছাড়া আর কিছু করেছে সানা। অনুষ্ঠানে কোনওরকম সদার্থক ছাপ ফেলাতে ব্যর্থ হয়েছে ও। এই শোয়ের বাকি প্রতিযোগীদের উপরেও কোনও রকম ইতিবাচক ছাপ ফেলেনি ও, তবু ও জিতল। সেই ব্যাপারটার প্রতি সম্মান রেখেই জানাচ্ছি , ও সেরা হওয়ার যোগ্য নয়। সানার প্রতি 'বিগ‌ বস'-এর আলগা সমর্থন রয়েছে। সানার থেকে এই শো জেতার অনেক বেশি দাবিদার ছিল আরমান মালিক। এক্ষেত্রে নিজের নামও বলতে চাই আমি"।

 কথা শেষে রণবীরের সংযোজন, " আমার মনে হয়, সানা যথেষ্ট ভোট পেয়েছে এই শো জেতার জন্য। এই বিষয়টিকে সম্মান করতেই হবে। ওঁর জন্য শুভেচ্ছা রইল"।