'যমুনা ঢাকি' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেই পর্দার প্রেম গড়ায় বাস্তবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। সম্প্রতি স্ত্রীকে নিয়ে এক নেটিজেন উল্টোপাল্টা মন্তব্য করতেই তার পাল্টা জবাব দিলেন নায়ক। 

কী ঘটেছে? ব্যস্ততার কারণে বর্তমানে 'দিদি নম্বর ওয়ান' ধারাবাহিকের সঞ্চালনা করতে পারছেন না রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যকে। স্ত্রীর এই নতুন কাজের খবর সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই অভিনেত্রীকে কটাক্ষ করে বসেন এক নেটিজেন। তাকে 'বুড়ি' বলে আখ্যা দেন। এবার এদিন তার পাল্টা জবাব দিলেন 'তুই আমার হিরো' ধারাবাহিকের নায়ক। 

এক নেটিজেন রুবেলের পোস্টে লেখেন, 'করেছেন তো এক বুড়িকে বিয়ে।' জবাবে নায়ক লেখেন, 'আপনার মায়েরও তো বয়স হয়েছে। আপনি যার ভক্ত তারও যথেষ্ট বয়স হয়েছে। আপনারও বয়স হবে, এটাই কালের নিয়ম।' 

শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি রুবেল। তিনি কড়া ভাষায় সমালোচনার জবাব দিয়ে বলেন, 'আপনি কি এমন কোনও নেশা করেন যেখানে আপনার বয়স বাড়বে না?এই সব কথা কাউকে বলবেন না। ভিনদেশী রাক্ষসের মতো আচরণ করা বন্ধ করুন।' প্রসঙ্গত, সেই নেটিজেনের সমাজমাধ্যমের প্রোফাইলের নাম 'ভিনদেশী রাজকুমার'। তাই নিজের মন্তব্যের শেষ লাইনে এই নামকেই কটাক্ষ করেছেন রুবেল। 

প্রসঙ্গত রুবেল দাসকে শেষবার 'তুই আমার হিরো' ধারাবাহিকে দেখা গিয়েছে। সদ্যই শেষ হয়েছে এই মেগার পথ চলা। অন্যদিকে শ্বেতা ভট্টাচার্যকে শেষবার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে দেখা গিয়েছিল 'শ্যামলী'র ভূমিকায়। সেই মেগা শেষ হওয়ার পর তিনি বর্তমানে 'দিদি নম্বর ওয়ান' রিয়েলিটি শোয়ের দায়িত্ব সামলাচ্ছেন সঞ্চালিকা হিসেবে। 

রুবেল এবং শ্বেতার বয়সের ফারাক কত? খাতায় কলমে দুজনেরই জন্মসাল ১৯৯২। অর্থাৎ সেই অর্থে তাঁরা দু'জনই প্রায় সমবয়সী। চলতি বছরে ৩৪ বছর হবে। অভিনয় ছাড়াও, শ্বেতা এবং রুবেল নাচেও সমান ভাবে পারদর্শী। সম্প্রতি অভিনেতা ছবি দিয়েছেন, তিনি এবং শ্বেতা বেড়াতে যাচ্ছেন। বিমানবন্দরে বসে যে ছবি পোস্ট করেছেন। লিখেছেন, 'নো নেটওয়ার্ক জোনে চলো যাই।' যদিও কোথায় যাচ্ছেন সেসব লেখেন।