হঠাৎই নায়িকার জীবনে নতুন ঝড়। মাত্র কিছুদিন আগেই প্রাক্তন স্বামী মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। সেই যন্ত্রণা, শোক সামলে ওঠার আগেই মেয়ের অসুস্থতার খবর পেল নায়িকা। ভাবছেন কে তিনি? 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের বাণী। যা ঘটেছে সবটাই ছোটপর্দায়। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মৌলির মুখোমুখি হয়েছে বাণী। হাসপাতালে মৌলিকে দেখে বাণী জানতে চায় সে এখানে কেন? জবাবে খলনায়িকা জানায় তানিয়াকে দেখতে এসেছে সে। তানিয়া নাকি আর বেশি দিন বাঁচবে না। গুরুতর অসুস্থ সে। শুধু তাই নয়, মৌলি জানায় বাণীর মেয়ে তানিয়া নাকি মৃত্যু পথযাত্রী। তাই শেষ দেখা দেখতে এসেছে। 

এই কথা শুনে বাণী প্রতিবাদ করে। জানায় মৌলি এভাবে কোনও শিশুর অমঙ্গল চাইতে পারে না। জবাবে সে জানায় কোনও অমঙ্গল চাইছে না সে। সত্যিই তানিয়া অসুস্থ। কদিন মাত্র হাতে সময় রয়েছে তার। মেয়ের বিষয়ে এই তথ্য জেনে মাথায় আকাশ ভেঙে পড়ে বাণীর। এবার কী করবে সে? আদৌ কি তানিয়া গুরুতর অসুস্থ? নাকি সে বেঁচে উঠবে? কোন খাতে বইবে অনিরুদ্ধ, বাণীর জীবন? এই উত্তর আগামীতে পাওয়া যাবে। 

https://www.instagram.com/reels/DVdLbdRDp2i/

'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরেছেন রণিতা দাস। 

প্রসঙ্গত, সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে, তানিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে বাণী এবং অনিরুদ্ধ। আর সেখানেই এসে হাজির হয় বাণীর প্রাক্তন স্বামী বিদ্যুৎ। জানায় সে তানিয়াকে নিয়ে যাবে, তার কাছে কোর্টের নির্দেশ আছে। তানিয়া ভয়ের চোটে মাকে আঁকড়ে ধরে। বাণীও মেয়েকে ছাড়তে চায় না স্বাভাবিক ভাবেই। এমন অবস্থায় মেয়েকে জোর করে ছিনিয়ে নিতে চায় বিদ্যুৎ। রুখে দাঁড়ায় অনিরুদ্ধ। অনিরুদ্ধ জানে বিদ্যুৎ ঠিক কতটা টাকার পিশাচ। তাই সে বিদ্যুৎকে বলে তার যত টাকা লাগবে সে সব দেবে। তখন তাকে পাল্টা খোঁচা দেয় বিদ্যুৎ যে রাস্তার ধারে দোকান দিয়ে কত টাকা উপার্জন করে? অনিরুদ্ধ জানায় দরকারে সে নিজেকে বিক্রি করে হলেও টাকা দেবে। কিন্তু বিদ্যুৎ সে কথায় গলে না। বরং তানিয়াকে তুলে নিয়ে যায়। বাণী এবং অনিরুদ্ধ দু'জনেই ভেঙে পড়ে।  এর মধ্যে প্রকাশ্যে এল এই নতুন প্রোমো।