মধ্য এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে লাগল বলিউড অভিনেত্রী লারা দত্তের জীবনে৷ বর্তমানে দুবাইয়ে রয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রী একা নন, সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে সায়রা৷ স্বামী মহেশ ভূপতি তাদের সাথে নেই, কারণ তিনি কাজের জন্য বাইরে আছেন। দুবাই থেকেই নিজের আতঙ্কের কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। 

গত কয়েকদিন ধরে দুবাইয়ের আকাশসীমায় ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। স্যাটেলাইট চিত্রেও দেখা গিয়েছে, দুবাইয়ে জায়গায় জায়গায় কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

লারা জানিয়েছেন, তিনি যখন শুটিং করছিলেন, তখন হঠাৎ তিনি বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শুনতে পান। শেষ কয়েকদিন অত্যন্ত দুশ্চিন্তায় কেটেছে বলেও জানান লারা৷ 

 ইনস্টাগ্রামে ভিডিয়োতে লারা বলেছেন, "উপরে প্রচুর যুদ্ধবিমান উড়ছে, প্রচুর জোরে শব্দ হচ্ছে। যদিও আমরা খুব নিরাপদ একটি ভিলায় থাকি। কিন্তু জানালা কাঁপছে, ঘর এবং দরজা খটখট করছে। এই শব্দ অস্থির করে তুলছে৷ কিন্তু আমি কখনও উদ্বেগ বোধ করিনি, এমনকি একবারের জন্যও না।"

সংযুক্ত আরব আমিরশাহির সরকারের প্রশংসা করে তিনি আরও বলেন, "আমি কেবল এটাই বলতে চাই যে সংযুক্ত আরব আমিরশাহে সরকার অসাধারণ কাজ করেছে। আমাদের জাতীয়তা বা আমরা কোথা থেকে এসেছি, এসব নির্বিশেষে আমাদের সুরক্ষার প্রয়োজন ছিল৷ আমরা সুরক্ষিত বোধ করেছি। এই শহরে বসবাসকারী একজন হিসাবে, আমাদের সুরক্ষা এবং আমাদের নিরাপদ রাখার জন্য তাঁরা সবরকম ভাবে সুরক্ষা   নিশ্চিত করছে। আমি অবাক হয়েছি। আমার মালি প্রতিদিন আসছে, গাছপালা পরিচর্যা করছে। খাবার সরবরাহকারীরা এবং গাড়িচালকেরা কাজ করছে।"

লারা আরও বলেন যে তারা ভারতে ফেরার বিমানের দিকে তাকিয়ে আছে, কিন্তু বিমানের টিকিট উপলব্ধ নেই।এই সময় অভিনেত্রী ইতিবাচক থাকছেন৷ তিনি আরও বলেছেন,  এই দুঃসময় কেটে যাবে৷ প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘাতের কথা উল্লেখ করে লারা বলেন, "আমি ভারতে ছিলাম, যখন ভারত এবং পাকিস্তানের সংঘাত চলছিল৷ আমরা দেখেছি যে আমাদের দেশ তখন আমাদের কতটা ভালোভাবে রক্ষা করেছিল। এবং এখানেও একই অবস্থা।"

দুঃসময় দ্রুত কেটে যাবে এমন আশাও লারার বক্তব্যে প্রকাশ পেয়েছে৷ দুবাইকে তিনি 'দত্তক নেওয়া গৃৃহ' বলেছেন৷ মুম্বইতে থাকলেও অভিনেত্রী মাঝেমধ্যে দুবাইতে সময় কাটান৷