নিজস্ব সংবাদদাতা: নতুন বছর শুরুতেই সুখবর দিয়েছিলেন অনিন্দিতা রায়চৌধুরী। মা হতে চলেছেন, বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। মার্চ মাসে সন্তানের জন্ম দেবেন তিনি। তবে তার মাত্র একমাস আগেও চুটিয়ে শুটিং করে চলেছেন অনিন্দিতা। স্পষ্ট বেবি বাম্প, আর তা নিয়েই মনের আনন্দে কাজ করছেন অভিনেত্রী।
স্টার জলসার 'তেঁতুলপাতা' ধারাবাহিকে অঞ্জলির চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। বাড়ির মেয়ে অর্থাৎ নায়কের পিসির চরিত্রে রয়েছেন তিনি। প্রেগন্যান্সিতে তৃতীয় পর্যায়েও শুটিং থেকে ছুটি নেননি অভিনেত্রী। সন্তান প্রসবের নির্ধারিত সময়ের আগে হাতে মাত্র এক মাস। তবে এই সময়ও বাড়িতে বসে না থেকে মনের আনন্দে কাজ করে চলেছেন। এমনকি এখনই কাজ থেকে বিরতি নেওয়ার কথা ভাবছেন না তিনি। অনিন্দিতার কথায়, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাই শুটিং চালিয়ে যাবেন। সেক্ষেত্রে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফেও কোনও সমস্যা হয়নি। তাই যতদিন পারবেন শুটিং করবেন অভিনেত্রী।
মা হওয়া মানেই যে কাজে একেবারেই বাধা নয়, তা বলিউড- টলিউডের অভিনেত্রীরা বার বার প্রমাণ করে চলেছেন। ইয়ালিনী হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করে দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও মেয়ে হওয়ার পর কাজ থেকে স্বেচ্ছায় কিছুদিনের বিরতি নিয়েছেন কোয়েল মল্লিক।
অন্যদিকে, কিছুদিনেই মধ্যে অভিনেত্রী মানসী সেনগুপ্ত মা হতে চলেছেন। তিনিও জানিয়েছেন, সন্তান হওয়ার দু-তিন মাসের মধ্যেই কাজ শুরু করবেন। গত ২৬ জানুয়ারি মা হয়েছেন রূপসা, সন্তানকে কিছুদিন সামলে নতুন কাজে ফেরার ভাবনা চিন্তা রয়েছে অভিনেত্রীর।
